ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অঙ্গ পাচার চক্রের হাত থেকে ফিরল লোহাগাড়ার রায়হান ডিএমপির ৩ সহকারী পুলিশ কমিশনারকে নতুন পদে বদলি মধ্যপ্রাচ্যে উত্তাপ: বিশ্ববাজারে তেলের দাম ছাড়াল ১০৭ ডলার হরমুজে নতুন নৌপথ: ওমানের আঞ্চলিক বৈঠক স্থগিত দেশে ফিরে ইতালিতে হামলার বিরুদ্ধে মুখ খুললেন অভিনেত্রী বাঁধন ব্রিকসে বিশ্বনেতাদের দেওয়া হলো নিরামিষ খাবার: বিজেপি-কংগ্রেস তুমুল বিতর্ক সারাদেশে ঘরে ঘরে জ্বর: ডেঙ্গু ও হামের সঙ্গে বাড়ছে টাইফয়েড ইউক্রেন যুদ্ধ বন্ধ হলেই কি থামবে মধ্যপ্রাচ্যের ইরান যুদ্ধ? ‘ট্রফি চোর’ অপবাদ মাথায় নিয়ে শান্ত মেজাজে মাঠ ছাড়লেন নাকভি ২৩ বছরের খরা কাটল না আমেরিকার, ইউএস ওপেনের ট্রফি জভেরেভের হাতে

আইজিপির অপসারণ দাবিতে শাহবাগ অবরোধ


  • আপলোড সময় : মঙ্গলবার ০৯ ডিসেম্বর, ২০২৫ সময় : ৪:৫৮ পিএম

অনলাইন রিপোর্টার

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলমকে অপসারণ এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছে শহীদ পিন্টু স্মৃতি সংসদ। মঙ্গলবার বিকেল ৩টার দিকে সংগঠনটির ব্যানারে সহস্রাধিক মানুষ সড়কে অবস্থান নিলে শাহবাগ এলাকায় সম্পূর্ণ যান চলাচল বন্ধ হয়ে যায়। ওয়ারী, গেন্ডারিয়া, পুরান ঢাকা এলাকাসহ বিভিন্ন স্থান থেকে নেতাকর্মী ও সাধারণ মানুষ এ অবরোধে যোগ দেন।

শহীদ পিন্টু স্মৃতি সংসদের সভাপতি রফিক আহমেদ ডলার বলেন, শহীদ পিন্টু হত্যার বিচার নিশ্চিত করার দাবিতে আমরা শাহবাগে শান্তিপূর্ণভাবে অবস্থান নিয়েছি। আমরা চাই দ্রুত আইজিপিকে তার দায়িত্ব থেকে অপসারণ করা হোক এবং তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করুক সরকার। তিনি আরও বলেন, দীর্ঘদিন ধরেই আমরা পিন্টু হত্যার বিচার চাইছি কিন্তু কোনো অগ্রগতি নেই। তাই আন্দোলন ছাড়া আর কোনো পথ খোলা নেই।

শাহবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুজ্জামান নিশ্চিত করেন যে, শাহবাগ পুরোপুরি ব্লকড রয়েছে। তিনি বলেন, পিন্টু সাহেবের হত্যার বিচার দাবিতে লোকজন শাহবাগ অবরোধ করে রেখেছে। আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছি তবে আপাতত যান চলাচল সম্পূর্ণ বন্ধ রয়েছে। পুলিশ পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং যাতে কোনো অস্থিতিশীলতা সৃষ্টি না হয় সেজন্য বাড়তি সতর্কতা নেওয়া হয়েছে।


এর আগে রোববার জাতীয় প্রেসক্লাবে শহীদ পিন্টু স্মৃতি সংসদ আয়োজিত প্রতিবাদ সভায় বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন আহাম্মেদ পিন্টুর মৃত্যুকে ‘পরিকল্পিত হত্যা’ বলে দাবি করেন তার সহধর্মিণী ও সাবেক মহিলা কাউন্সিলর নাসিমা আক্তার কল্পনা। তিনি বলেন, বহুবার বলেছি—পিন্টুকে হত্যা করা হয়েছে। স্বাধীন তদন্ত কমিশন এখন প্রমাণ করেছে যে এটি ছিল পরিকল্পিত হত্যাকাণ্ড। তিনি অভিযোগ করেন, হাইকোর্টের চিকিৎসার নির্দেশ অমান্য করে তাকে রাজশাহী কারাগারে পাঠানো হয়। রিমান্ড ও নির্যাতনের কারণে তার চোখ নষ্ট হয়ে যায়। এমনকি থেরাপির জন্য আদালতের আদেশ থাকলেও তা মানা হয়নি।

প্রতিবাদ সভায় তিনি পিলখানা হত্যাকাণ্ড ও ৫৭ সেনা কর্মকর্তার নির্মম হত্যার মামলায় স্বাধীন তদন্ত কমিশনের প্রতিবেদনে সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাদের নাম প্রকাশের প্রসঙ্গ তুলে আইজিপি বাহারুল আলমকে অবিলম্বে অপসারণ এবং তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

অবরোধস্থলে অবস্থানরত নেতাকর্মীরা জানান, দাবিগুলো পূরণ না হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন। তাদের অনেকে বলেন, ন্যায়বিচার পেতে যদি রাস্তায় নামতে হয়, আমরা নামব। শহীদ পিন্টুর মৃত্যু কোনো স্বাভাবিক ঘটনা নয়—এটি সুপরিকল্পিত অপরাধ। তাই দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতেই তারা শাহবাগে সমবেত হয়েছেন।

অবরোধের ফলে শাহবাগ, টিএসসি, কারওয়ান বাজার, মৎস্য ভবন, বাংলামোটরসহ বিস্তীর্ণ এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয়। জরুরি রোগী পরিবহন, অফিসযাত্রী ও সাধারণ মানুষ দুর্ভোগে পড়েন। পরিস্থিতি স্বাভাবিক করতে প্রশাসন এবং আইনশৃঙ্খলা বাহিনী সমন্বিতভাবে চেষ্টা করছে।

আকাশজমিন / আরআর


এ সম্পর্কিত আরো খবর