বেগম রোকেয়ার আদর্শ অনুসরণ করে নতুন বাংলাদেশ বিনির্মাণে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। মঙ্গলবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বেগম রোকেয়া দিবসের অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।
প্রধান উপদেষ্টা বলেন, বেগম রোকেয়া যদি স্বপ্ন দেখতে পারেন, তবে আমরাও পারি স্বপ্ন দেখতে। তিনি দেখিয়ে গেছেন কীভাবে স্বপ্ন মানুষকে এগিয়ে নিতে পারে। তিনি স্কুল প্রতিষ্ঠা করেছিলেন—এটিও বড় অর্জন। কিন্তু আজকের যুগে প্রযুক্তির মাধ্যমে আরও অনেক দূর যাওয়ার সুযোগ রয়েছে। শুধু মন থেকে কাজের ইচ্ছা থাকতে হবে।
তিনি বলেন, গণঅভ্যুত্থান-পরবর্তী নারী সমাজ এক নতুন বাংলাদেশ নির্মাণের শক্তি হয়ে দাঁড়িয়েছে। এই নারী সমাজ শুধু নারীদের নয়, পুরো জাতিকে উদ্বুদ্ধ করছে। তাই তাদের সামনে তুলে ধরা জরুরি। বেগম রোকেয়ার মতো যেন শুধু সুন্দর লেখা নয়—চেতনাকে নাড়িয়ে দেওয়ার শক্তি হয়ে ওঠে নারীরা। প্রত্যেক ক্ষেত্রেই সেই চেতনা নিয়ে এগিয়ে যেতে হবে।
ড. ইউনূস বলেন, বেগম রোকেয়া যে স্বপ্ন দেখেছিলেন, তা ছিল যুগের চেয়ে অগ্রগামী। তিনি এমন স্বপ্ন দেখার সাহস করেছিলেন, যা আজও বিপ্লবী মনে হয়। পুরো সমাজকে তিনি চিন্তার ঝাঁকুনি দিয়েছিলেন। নারীদের লেখাপড়া শেখানোর কথা তিনি বলেছিলেন শুধুমাত্র শিক্ষার জন্য নয়, নিজের উপার্জনের পথ তৈরি করার জন্য। আজ যখন আমরা নারী উদ্যোক্তা বা স্বনির্ভরতার কথা বলি, তখন বুঝতে পারি তিনি শত বছর আগেই তা বলে গিয়েছিলেন।
প্রধান উপদেষ্টা আরও বলেন, আজ যারা পুরস্কার পেয়েছেন, তারা শুধু বাংলাদেশের নয়—বিশ্বের নেতৃত্ব দেওয়ার সক্ষম নারী। তারা দেশের ভাবমূর্তি নতুন উচ্চতায় নিয়ে গেছেন। এ পুরস্কার তাদের যাত্রার প্রথম ধাপ। সারা দেশের মেয়েরা এ অনুষ্ঠান দেখে অনুপ্রাণিত হবে। ভাববে—‘আমরাও পারি’। তাদের বক্তব্য, চিন্তা, দর্শন বাংলাদেশের সীমানা ছাড়িয়ে বৈশ্বিক প্রেক্ষাপটে প্রভাব ফেলছে।
তিনি বলেন, আজকের অনুষ্ঠানের খবর পত্রিকায় ছাপা হলে দেশের প্রতিটি মেয়ে নতুন করে ভাববে—তারা কোথায় দাঁড়িয়ে, কেন এগোতে পারছে না। যারা আজ পুরস্কার পেলেন, তারা ইতোমধ্যে বাংলাদেশকে বদলে দিচ্ছেন। তাদের সম্মান জানানো আমাদের জন্য গর্ব। তারা শুধু দেশের মেয়ে নয়—বিশ্বের মেয়ে, বিশ্বের নেতৃত্বের প্রতীক।
ড. ইউনূস বলেন, নতুন বাংলাদেশের যাত্রা শুরু হয়েছে। এই যাত্রায় নারী সমাজ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। বেগম রোকেয়ার স্বপ্নকে ধারণ করে সবক্ষেত্রে এগিয়ে যাওয়ার মধ্য দিয়েই সমৃদ্ধ বাংলাদেশ গড়ে উঠবে। নতুন বাংলাদেশে নারী-পুরুষ সমানভাবে এগিয়ে যাবে—এমন ভবিষ্যতের দিকেই অগ্রসর হতে হবে সবাইকে।
আকাশজমিন / আরআর