ঢাকা, বাংলাদেশ ।
  বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬,  ১৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সাতক্ষীরায় জামায়াত নির্বাচনী সভায় পুলিশ সদস্যের অবৈধ অংশগ্রহণ


  • আপলোড সময় : সোমবার ১৫ ডিসেম্বর, ২০২৫ সময় : ৭:৪৬ পিএম

সাতক্ষীরা প্রতিনিধি 

সাতক্ষীরায় পুলিশের পোষাক পরিহিত অবস্থায় জামায়াতের নির্বাচনী পথসভায় অংশগ্রহণ করায় পুলিশ সদস্য মোঃ মহিবুল্লাহ কারীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। রোববার (১৪ ডিসেম্বর) সাতক্ষীরা জেলা পুলিশের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ঘটনার সূত্রপাত ঘটে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি ভিডিও ভাইরাল হওয়ার মাধ্যমে, যেখানে মোঃ মহিবুল্লাহ সাতক্ষীরা-২ আসনের জামায়াতের মনোনীত প্রার্থী মুহাদ্দিস আব্দুল খালেকের নির্বাচনী পথসভায় পুলিশের পোশাক পরিহিত অবস্থায় অংশ নিয়ে ইসলামী সংগীত পরিবেশন করেন।

অভিযুক্ত মোঃ মহিবুল্লাহ আগে সাতক্ষীরা পুলিশ লাইন্সে কর্মরত ছিলেন এবং বর্তমানে যশোর পুলিশ লাইন্সে কর্মরত আছেন। তিনি গত ২৬ নভেম্বর থেকে ১৫ দিনের রেস্ট এয়ার রিলিফ (আরআরএল) ছুটিতে যান এবং ১২ ডিসেম্বর কর্মস্থলে ফিরে আসেন। তবে ছুটি চলাকালীন সময়েই তিনি পুলিশের পোশাক পরে সাতক্ষীরায় এসে জামায়াতের রাজনৈতিক পথসভায় অংশ নেন এবং সংগীত পরিবেশন করেন, যা পুলিশের পেশাদারিত্ব এবং ভাবমূর্তি ক্ষুন্ন করার অভিযোগ উঠেছে।

পুলিশ সূত্রে জানা গেছে, মোবাইল ফোনে তার সঙ্গে যোগাযোগ করলে তিনি স্বীকার করেন যে, তিনি নির্বাচনী পথসভায় অংশগ্রহণ করে ইসলামী সঙ্গীত পরিবেশন ও বক্তব্য প্রদান করেছেন। বিষয়টি রেঞ্জ ডিআইজি খুলনা এবং পুলিশ সুপার যশোরকে জানানো হয়। বিষয়টি তদন্তের পর মোঃ মহিবুল্লাহকে সাময়িক বরখাস্ত করা হয়।

অভিযুক্ত মোঃ মহিবুল্লাহ বলেন, তিনি কোনো রাজনৈতিক কর্মসূচিতে অংশ নেননি এবং দাবি করেন মুহাদ্দিস আব্দুল খালেক তাঁকে পুরস্কৃত করেছিলেন, তাই গান গেয়েছেন। তিনি আরও বলেন, এ নিয়ে সংবাদ করার দরকার নেই।

সাতক্ষীরার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মুকিত হাসান খান বলেন, অভিযুক্ত পুলিশ সদস্য বর্তমানে সাতক্ষীরায় কর্মরত নন এবং পুলিশের পোশাক পরিহিত অবস্থায় কোনো রাজনৈতিক দলের প্রচারণায় অংশ নেওয়া সম্পূর্ণ বেআইনি ও শাস্তিযোগ্য অপরাধ।

পুলিশের পোষাক পরিধান করে রাজনৈতিক কার্যক্রমে অংশগ্রহণের বিষয়টি পুলিশ বাহিনীর শৃঙ্খলা ও পেশাদারিত্বের জন্য মারাত্মক ক্ষতিকর বলে মনে করা হচ্ছে। সাতক্ষীরা পুলিশ প্রশাসন এ ঘটনায় কঠোর ব্যবস্থা নিয়েছে এবং ভবিষ্যতে এ ধরনের আচরণের পুনরাবৃত্তি রোধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে।

আকাশজমিন / আরাআর 


এ সম্পর্কিত আরো খবর