ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অঙ্গ পাচার চক্রের হাত থেকে ফিরল লোহাগাড়ার রায়হান ডিএমপির ৩ সহকারী পুলিশ কমিশনারকে নতুন পদে বদলি মধ্যপ্রাচ্যে উত্তাপ: বিশ্ববাজারে তেলের দাম ছাড়াল ১০৭ ডলার হরমুজে নতুন নৌপথ: ওমানের আঞ্চলিক বৈঠক স্থগিত দেশে ফিরে ইতালিতে হামলার বিরুদ্ধে মুখ খুললেন অভিনেত্রী বাঁধন ব্রিকসে বিশ্বনেতাদের দেওয়া হলো নিরামিষ খাবার: বিজেপি-কংগ্রেস তুমুল বিতর্ক সারাদেশে ঘরে ঘরে জ্বর: ডেঙ্গু ও হামের সঙ্গে বাড়ছে টাইফয়েড ইউক্রেন যুদ্ধ বন্ধ হলেই কি থামবে মধ্যপ্রাচ্যের ইরান যুদ্ধ? ‘ট্রফি চোর’ অপবাদ মাথায় নিয়ে শান্ত মেজাজে মাঠ ছাড়লেন নাকভি ২৩ বছরের খরা কাটল না আমেরিকার, ইউএস ওপেনের ট্রফি জভেরেভের হাতে

ইসির কাছে নিরাপত্তা চাইলেন ফুয়াদ ও সিগমা


  • আপলোড সময় : বৃহস্পতিবার ১৮ ডিসেম্বর, ২০২৫ সময় : ৩:৪৪ পিএম

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করে নির্বাচন কমিশনের (ইসি) কাছে লিখিত আবেদন করেছেন দুই সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী। তাঁরা হলেন কিশোরগঞ্জ-৪ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী কাজী রেহা কবির সিগমা এবং আমার বাংলাদেশ (এবি) পার্টির সাধারণ সম্পাদক ও বরিশাল-৩ (বাবুগঞ্জ-মুলাদী) আসনের প্রার্থী আসাদুজ্জামান ফুয়াদ।

ইসি সূত্রে জানা গেছে, বুধবার (১৭ ডিসেম্বর) ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে গিয়ে নির্বাচন কমিশনের কাছে লিখিতভাবে নিরাপত্তা সংক্রান্ত অভিযোগ ও আবেদন জমা দেন। পরে তিনি নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ এবং ইসির সিনিয়র সচিব আখতার আহমেদের সঙ্গে সাক্ষাৎ করেন।

এদিকে একই দিন কিশোরগঞ্জ-৪ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী কাজী রেহা কবির সিগমা প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন, নির্বাচন কমিশনার আবদুর রহমানেল মাছউদ এবং আনোয়ারুল ইসলাম সরকারের সঙ্গে সাক্ষাৎ করে লিখিত অভিযোগ জমা দেন। বৃহস্পতিবার নির্বাচন কমিশনের সংশ্লিষ্ট নির্বাচন ব্যবস্থাপনা শাখা বিষয়টি নিশ্চিত করে।

সিইসির কাছে দেওয়া লিখিত অভিযোগে কাজী রেহা কবির সিগমা উল্লেখ করেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পক্ষপাতমুক্ত, সুষ্ঠু ও সবার জন্য নির্বিঘ্ন করার অঙ্গীকার অন্তর্বর্তী সরকার, নির্বাচন কমিশন ও প্রশাসনের রয়েছে। তবে এই অঙ্গীকার বাস্তবায়নে বাধা সৃষ্টি করার চেষ্টা ইতোমধ্যে শুরু হয়েছে বলে তিনি অভিযোগ করেন। বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করে জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি।

কাজী রেহা কবির সিগমা বলেন, কিশোরগঞ্জ-৪ আসনে স্বতন্ত্র প্রার্থী হওয়ার প্রত্যয় জানিয়ে তিনি নির্বাচনী এলাকায় গণসংযোগ শুরু করেছেন এবং ইতোমধ্যে ব্যাপক জনসমর্থন পেয়েছেন। তাঁর গণসংযোগ কার্যক্রমে কর্মী ও সমর্থকরা সক্রিয়ভাবে অংশ নিচ্ছেন। তবে অভিযোগ করে তিনি বলেন, তাঁর এই আইনানুগ রাজনৈতিক কর্মকাণ্ড বাধাগ্রস্ত করতে কিশোরগঞ্জ জেলার অষ্টগ্রাম থানার পুলিশ কর্তৃপক্ষ ন্যক্কারজনকভাবে তৎপরতা চালাচ্ছে।

তিনি জানান, ১৬ ডিসেম্বর দিবাগত রাত আনুমানিক ১টার দিকে তাঁর এক নিরপরাধ কর্মীকে গ্রেপ্তার করে ভুয়া মামলায় কিশোরগঞ্জ আদালতে পাঠানো হয়। এতে তাঁর কর্মীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং নির্বাচনী কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হয়।

সিগমা অভিযোগ করেন, তাঁর কর্মী মো. কিয়ামত আলী (৫০) একজন নিরীহ ও জনপ্রিয় ব্যক্তি। তাঁর বিরুদ্ধে আগে কোনো মামলা বা অভিযোগ ছিল না। অথচ ২০২৪ সালের ৯ নভেম্বর দায়ের করা একটি মামলায় তাঁকে আসামি দেখানো হয়েছে, যেখানে তিনি এজাহারভুক্ত নন। তিনি বলেন, অষ্টগ্রাম থানা থেকে মাত্র ১০ মিনিট হাঁটার দূরত্বে কিয়ামত আলীর বাড়ি হলেও গত এক বছরে পুলিশ কখনো তাঁর খোঁজ নেয়নি। এতে স্পষ্টভাবে বোঝা যায়, উদ্দেশ্যপ্রণোদিতভাবে ভীতি সৃষ্টির জন্যই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

তিনি অবিলম্বে বিষয়টি তদন্ত করে দায়ীদের আইনানুগ শাস্তি নিশ্চিত করার পাশাপাশি নির্বাচনকে প্রশ্নাতীত ও সুষ্ঠু করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানান। পরে গণমাধ্যমকে কাজী রেহা কবির সিগমা বলেন, পুলিশি তৎপরতায় তিনি ও তাঁর কর্মীরা নিরাপত্তাহীনতায় ভুগছেন। এ কারণেই ইসি ও প্রশাসনের কাছে সার্বিক সহযোগিতা চাওয়া হয়েছে।

এ বিষয়ে ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ নির্বাচন কমিশনে এসে অভিযোগ করেছেন যে, পুলিশ তাঁকে প্রয়োজনীয় সহযোগিতা করছে না। নির্বাচন কমিশন সার্বিকভাবে সব প্রার্থীর নিরাপত্তার বিষয়টি গুরুত্বসহকারে বিবেচনা করছে।

ইসির ঘোষিত তফসিল অনুযায়ী আগামী বছরের ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত একটানা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। একই দিন ও একই সময়সূচিতে জুলাই সনদ বাস্তবায়নে গণভোটও অনুষ্ঠিত হবে।.

আকাশজমিন / আরআর 


এ সম্পর্কিত আরো খবর