ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর রাজধানীর কারওয়ান বাজারে অবস্থিত দৈনিক প্রথম আলো ও ডেইলি স্টার ভবনে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। দীর্ঘ প্রায় ১০ ঘণ্টার চেষ্টায় ফায়ার সার্ভিসের সদস্যরা প্রথম আলো কার্যালয়ের আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছেন।
শুক্রবার (১৯ ডিসেম্বর) সকাল ১০টার পর সরেজমিনে দেখা যায়, ফায়ার সার্ভিসের একটি ইউনিট তাদের কার্যক্রম সমাপ্ত করেছে। তবে সম্ভাব্য ঝুঁকি এড়াতে আরেকটি ইউনিট ঘটনাস্থলে অবস্থান করছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, সব কার্যক্রম শেষ হলে আনুষ্ঠানিকভাবে আগুন নির্বাপণের ঘোষণা দেওয়া হবে।
ঘটনাস্থল পরিদর্শনে দেখা যায়, আগুনে প্রথম আলো কার্যালয়ের ভেতরের বিভিন্ন আসবাবপত্র সম্পূর্ণভাবে পুড়ে গেছে। কম্পিউটার, কাগজপত্র ও অন্যান্য সরঞ্জাম মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। সকাল পর্যন্ত ভবনের ভেতরে ধোঁয়ার উপস্থিতি দেখা গেলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ধোঁয়ার পরিমাণ কমে আসে।
আশপাশের ভবনগুলোতে আগুন ছড়িয়ে পড়েনি বলে নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের কর্মকর্তারা। তবে আগুন দেওয়া ভবনটির নিচতলায় অবস্থিত প্রথমা প্রকাশনের কার্যালয় পুরোপুরি পুড়ে গেছে। এতে প্রতিষ্ঠানটির বিপুল পরিমাণ সম্পদের ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
এদিকে, সকাল থেকেই প্রথম আলো কার্যালয়ের সামনে উৎসুক জনতার ভিড় বাড়তে থাকে। বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ আগুনে ক্ষতিগ্রস্ত ভবনটি দেখতে ঘটনাস্থলে জড়ো হন। পরিস্থিতি পর্যবেক্ষণে ঘটনাস্থলে উপস্থিত ছিলেন সিআইডির বিশেষজ্ঞ দল। তারা আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির মাত্রা নিরূপণে কাজ করছেন।
এ ছাড়া ঘটনাস্থল পরিদর্শন করেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম। তিনি পরিস্থিতি পর্যালোচনা করে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেন। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সাধারণ মানুষের আনাগোনা আরও বাড়লেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। ভবনের আশপাশে নিরাপত্তা বলয় জোরদার করা হয়েছে।
উল্লেখ্য, বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাতে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির মৃত্যুর খবর প্রকাশের পরপরই বিক্ষুব্ধ জনতা প্রথম আলো কার্যালয়ে হামলা চালায়। হামলার একপর্যায়ে ভাঙচুরের পাশাপাশি ভবনের ভেতরে অগ্নিসংযোগ করা হয়। আগুন লাগার প্রায় এক ঘণ্টা পর ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
ঘটনাটি দেশের গণমাধ্যম নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি করেছে।
আকাশজমিন / আরআর