নিরাপত্তা ঝুঁকিতে থাকা রাজনীতিবিদসহ মোট ২০ জনকে গানম্যান দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি জানান, সাম্প্রতিক পরিস্থিতিতে যাদের জীবন ঝুঁকিতে রয়েছে বলে গোয়েন্দা সংস্থাগুলো চিহ্নিত করেছে, তাদের প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে।
সোমবার (২২ ডিসেম্বর) সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি ও জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচন নিয়ে আয়োজিত এক বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, সাম্প্রতিক সময়ে সহিংসতা ও হামলার ঘটনায় আক্রান্ত হওয়া দৈনিক প্রথম আলো ও ডেইলি স্টারের সম্পাদককেও গানম্যান দেওয়া হয়েছে। গণমাধ্যমের সঙ্গে যুক্ত ব্যক্তিদের নিরাপত্তার বিষয়টি সরকার গুরুত্বের সঙ্গে দেখছে বলেও তিনি উল্লেখ করেন।
গণঅধিকার পরিষদের পক্ষ থেকে একটি তালিকার কথা উল্লেখ করে সাংবাদিকরা জানতে চান, প্রায় ৫০ জন ব্যক্তি নিরাপত্তা ঝুঁকিতে রয়েছেন বলে দাবি করা হয়েছে—এ বিষয়ে সরকারের অবস্থান কী। জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, যারা হিটলিস্টে বা ঝুঁকিপূর্ণ অবস্থায় আছেন, তাদের ইতোমধ্যে গানম্যান দেওয়া হয়েছে।
তিনি বলেন, ডিজিএফআই, এনএসআই এবং এসবি—এই তিনটি গোয়েন্দা সংস্থা সমন্বিতভাবে কাজ করছে। তারা নিজস্ব বিশ্লেষণ ও তথ্যের ভিত্তিতে কারা কারা নিরাপত্তা ঝুঁকিতে রয়েছেন, সে তালিকা প্রস্তুত করেছে। সেই তালিকা অনুযায়ী প্রয়োজনীয় ব্যক্তিদের গানম্যান দেওয়া হয়েছে।
উপদেষ্টা আরও জানান, এ পর্যন্ত প্রায় ২০ জনকে গানম্যান দেওয়া হয়েছে। তবে সবাই গানম্যান নিতে আগ্রহী নন। কেউ কেউ ব্যক্তিগত কারণে বা নিজস্ব সিদ্ধান্তে নিরাপত্তা নিতে চাননি। সরকার কাউকে জোর করে নিরাপত্তা দেওয়ার পথে যায়নি বলেও তিনি উল্লেখ করেন।
২০ জনের সবাই রাজনীতিবিদ কি না—এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা এ বিষয়ে বিস্তারিত তথ্য দিতে অপারগতা প্রকাশ করেন। তিনি বলেন, নিরাপত্তার স্বার্থে অনেক তথ্য প্রকাশ করা সম্ভব নয়। তবে এটুকু নিশ্চিত করা যায় যে, যাদের ঝুঁকি রয়েছে বলে গোয়েন্দা সংস্থাগুলো মনে করেছে, তাদের সুরক্ষা নিশ্চিত করা হয়েছে।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি সরকার নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। কোথাও কোনো ধরনের অস্থিতিশীলতা সৃষ্টি হলে তা মোকাবিলায় আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ প্রস্তুত রয়েছে। সাধারণ মানুষের পাশাপাশি ঝুঁকিতে থাকা গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিরাপত্তা নিশ্চিত করা সরকারের দায়িত্ব।
তিনি আরও বলেন, কোনো ব্যক্তি বা গোষ্ঠী যেন আইন নিজের হাতে তুলে নিতে না পারে, সে বিষয়ে সরকার কঠোর অবস্থানে রয়েছে। সহিংসতা, উসকানি কিংবা পরিকল্পিত হামলার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
বৈঠক শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা আশ্বস্ত করে বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং পরিস্থিতি অনুযায়ী প্রয়োজন হলে আরও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হবে। নাগরিকদের আতঙ্কিত না হয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করার আহ্বান জানান তিনি।
আকাশজমিন /
আরআর