ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও জুলাই জাতীয় সনদের ওপর গণভোটের বিষয়ে সারাদেশে সচেতনতা ও প্রচারণার লক্ষ্যে যাত্রা শুরু করেছে দশটি ভোটের গাড়ি, যাদের নাম দেওয়া হয়েছে ‘সুপার ক্যারাভান’।
সোমবার জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আনুষ্ঠানিক উদ্বোধনের মধ্য দিয়ে যাত্রা শুরু করে এই ক্যারাভান। উদ্বোধন করেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী, নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ এবং প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
ভিডিও বার্তায় প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস বলেন, “বাংলাদেশ একটি গুরুত্বপূর্ণ সময় অতিক্রম করছে। সামনে আমাদের জাতীয় সংসদ নির্বাচন ও জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের ওপর গণভোট। এই লক্ষ্যকে সামনে রেখে যাত্রা শুরু করেছে ১০টি ভোটের গাড়ি — সুপার ক্যারাভান।”
তিনি বলেন, “এই গাড়িগুলো দেশের ৬৪ জেলা ও ৩০০ উপজেলার মানুষের দ্বারে দ্বারে গিয়ে ভোট ও গণভোট সম্পর্কে তথ্য পৌঁছে দেবে। ভোটাধিকার সম্পর্কে সচেতনতা সৃষ্টি করবে এবং গণতন্ত্রের বার্তা ছড়িয়ে দেবে।”
প্রধান উপদেষ্টা বলেন, “ভোটাধিকার কারো দয়া নয়, এটি আমাদের সাংবিধানিক অধিকার। এর মাধ্যমে আমরা নির্ধারণ করি, আমাদের ভবিষ্যৎ কোন পথে যাবে। একটি অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করা শুধু সরকারের দায়িত্ব নয়; এটি রাষ্ট্রের প্রতিটি নাগরিকের দায়িত্ব।”
তিনি আরও বলেন, “সুপার ক্যারাভান শুধু একটি গাড়ি নয়, এটি গণতন্ত্রের আনন্দবানী বহনকারী বহর। এটি মনে করিয়ে দেবে, ভোট কতটা গুরুত্বপূর্ণ এবং নিষ্ক্রিয়তার পরিবর্তে অংশগ্রহণই গণতন্ত্রকে শক্তিশালী করে।”
প্রধান উপদেষ্টা তরুণ সমাজ, নারী ভোটার এবং প্রথমবারের ভোটারদের উদ্দেশ্যে বলেন, “আপনারা এগিয়ে আসুন। প্রশ্ন করুন, জানুন, বুঝুন এবং ভোট দিন। আপনার সিদ্ধান্তই গড়ে তুলবে আগামী দিনের নতুন বাংলাদেশ।”
তিনি যোগ করেন, “আমরা এমন একটি নির্বাচন চাই যেখানে থাকবে না ভয়, থাকবে না বাধা; থাকবে কেবল জনগণের মুক্ত ও নির্ভীক মতপ্রকাশ। সরকার এই পরিবেশ নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ।”
শেষে তিনি বলেন, “আপনি দেশের মালিক। আগামী পাঁচ বছর কে দেশ চালাবে তা ঠিক করবেন আপনি। সৎ ও যোগ্য প্রার্থীকে ভোট দিন। চিন্তাভাবনা করে ভোট দিন। এবারের নির্বাচনে আপনি আরও একটি ভোট দেবেন — জুলাই সনদে ভোট। দীর্ঘ নয় মাস ধরে সকল রাজনৈতিক দলের সঙ্গে বৈঠকের পর এই সনদ তৈরি হয়েছে, যা দেশের জন্য নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করবে। আপনি যদি সনদ সমর্থন করেন, গণভোটে অবশ্যই ‘হ্যাঁ’ ভোট দিন।”
প্রধান উপদেষ্টা সবাইকে আহ্বান জানান, “চলুন আমরা মিলে এই গণতান্ত্রিক যাত্রাকে সফল করি। ভোট দিন — নিজের জন্য, দেশের জন্য, ভবিষ্যৎ প্রজন্মের জন্য, নতুন বিশ্বের জন্য।”
আকাশজমিন / আরআর