রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত প্রার্থী মুফতি ইমদাদুল্লাহ হাসেমী (হাতপাখা) বুধবার (২৪ ডিসেম্বর) মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। তিনি রূপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাইফুল ইসলামের কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা মোঃ আশিকুর রহমানের কাছ থেকে মনোনয়নপত্র গ্রহণ করেন।
মনোনয়নপত্র গ্রহণের সময় উপস্থিত ছিলেন রূপগঞ্জ ইসলামী আন্দোলন বাংলাদেশের উপদেষ্টা কাজী কামরুজ্জামান, সিনিয়র সহ-সভাপতি কাজী শফিকুল ইসলাম, সহ-সভাপতি শফিকুল ইসলাম খোকন সহ অন্যান্য নেতৃবৃন্দ।
মুফতি ইমদাদুল্লাহ হাসেমী বলেন, “ইসলামী আন্দোলন বাংলাদেশ সবসময় সত্য ও ন্যায়ের পথে অগ্রসর হচ্ছে। আমরা মাদক, সন্ত্রাস, চাঁদাবাজ ও নৈরাজ্যকারীদের জন্য কোনো স্থান রাখি না। আমাদের লক্ষ্য হল শিক্ষা, স্বাস্থ্য, বিদ্যুৎ, কর্মসংস্থান, শিল্পায়ন ও যোগাযোগ ব্যবস্থার সার্বিক উন্নয়ন সাধন করা। পাশাপাশি সমাজের সকল বৈষম্য দূর করে রূপগঞ্জকে আদর্শ ও স্বপ্নের নগরী হিসেবে গড়ে তোলা।”
তিনি আরও বলেন, “আমরা আশা করি জনগণ আমাদের বিশ্বাস করবেন এবং নির্বাচনে আমাদের পাশে দাঁড়াবেন। আমাদের কাজ হবে মানুষের সেবায় নিবেদিত, উন্নত ও শান্তিপূর্ণ রূপগঞ্জ গড়ে তোলা।”
ইসলামী আন্দোলন বাংলাদেশের এই মনোনীত প্রার্থী এলাকার সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে বিভিন্ন পরিকল্পনা হাতে নিয়েছেন বলে জানান। তিনি বলেন, “আমাদের দল জনগণের পাশে থেকে তাদের সমস্যার সমাধান করবে এবং উন্নয়নের ধারাকে ত্বরান্বিত করবে।”
রূপগঞ্জে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহের এই ঘটনা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এলাকাটির রাজনৈতিক উত্তেজনা আরও বাড়িয়ে তুলবে বলে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন।
আকাশজমিন / আরআর