টাঙ্গাইল প্রতিনিধি ॥
পৌষের মাঝামাঝি এসে টাঙ্গাইলসহ সারাদেশে শীতের তীব্রতা বেড়েছে। ব্যস্ততম শহরে কাজের জন্য মোটা গরম কাপড়ে মানুষজন চলাফেরা করছে। প্রায় প্রতিটি মানুষের মাথাও শীতের কাপড় টুপি কিংবা মাফলারে ঢাকা। দিন-রাতের তাপমাত্রার পার্থক্য কমে যাওয়ায় গত কয়েকদিন থেকে টাঙ্গাইলে শীতের অনুভূতি আরও বেড়েছে। ফলে ঠান্ডায় বেশি বিপাকে পড়েছেন খেটে খাওয়া মানুষ।
দিনমজুর রিক্সা-ইজিবাইক চালক,ভ্যান চালক, হকার ও নির্মাণ শ্রমিকদের ভোগান্তি অনেকটা বেড়েছে। গতকাল সোমবার টাঙ্গাইল শহরের বিভিন্ন এলাকায় সরেজমিনে ঘুরে দেখা গেছে। বেলা একটাও সূর্যের দেখা মেলেনি। পাতলা কম্বল কিংবা সোয়েটারে নিজেকে ঢেকে রাস্তায় নামছেন শ্রমজীবীরা। কেন্দ্রীয় জামে মসজিদের সামনে দিনমজুর আক্কাছ আলী বলেন, জীবিকার তাগিয়ে ঠান্ডার মধ্যে নির্মাণ কাজ করতে বাড়ী থেকে বের হয়ে এসেছি। সকাল ১১টা পেরিয়ে গেলেও এখনো কাজ পাইনি।
শহরের নিরালার মোড়ে ইজিবাইক চালক রমজান আলী বলেন, জীবিকার তাগিদে এত ঠান্ডার মধ্যে দিন শুরু করতে হচ্ছে। হঠাৎ ঠান্ডা বেড়ে যাওয়ায় শরীরও ঠিকমতো চলে না। কিন্তু কাজ না করলে আবার সংসার চলে না। হাত-পা কেমন যেন বসে থাকে।
শহরের থানাপাড়ার নির্মাণ শ্রমিক কাশেম হোসেন ও দিঘুলিয়া এলাকার মাটিকাটা দিনমজুর সমেজ মিয়া বলেন, শীতের সকালে কাজ করা খুবই কষ্ট। অন্যদিন রোদ উঠলেও আজ এখনো রোদের দেখা পাইনি। কুয়াশা কাটছেনা। কিন্তু শত কষ্ট হলেও কাজ করে যেতে হচ্ছে। এদিকে জেলা প্রশাসন বিভিন্ন এলাকায় শীতবস্ত্র বিতরণ শুরু করেছেন।
আকাশজমিন / আরআর