সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও বিএনপি নেতা লুৎফুজ্জামান বাবর বলেছেন, র্যাবকে বিএনপি কখনোই দলীয় স্বার্থে এক ঘণ্টার জন্যও ব্যবহার করেনি। বৃহস্পতিবার (১ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
বাবর বলেন, আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া জনগণের জানমাল নিরাপত্তায় আপসহীন ছিলেন। তাঁর নির্দেশনায় র্যাব গঠন করা হয়েছিল। কিন্তু কোনো রাজনৈতিক স্বার্থে র্যাব ব্যবহৃত হয়নি। অন্যায় করলে বিএনপি নেতাকর্মীদেরও ছাড় দেওয়া হয়নি।
তিনি আরও বলেন, আমাদের নেত্রীর মধ্যে স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় যে গুণাবলী ছিল, তা আর কারো মধ্যে পাইনি। পরে তারেক রহমানের মধ্যে সেই গুণাবলী দেখেছি। সবাই দোয়া করবেন যেন তার নেতৃত্বে একটি জনগণের রাষ্ট্র গঠন করতে পারি। বাবর জানান, তিনি রাজনৈতিক কোনো পরিকল্পনা নিয়ে নয়, ব্যক্তিগত আবেগ নিয়ে আজ এখানে এসেছেন। এছাড়া আইনশৃঙ্খলা বাহিনীর অনুমতিও নিয়েছেন।
তিনি বলেন, আমি নেত্রীর সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করেছি। তার দেশপ্রেম ও স্বাধীনতা, সার্বভৌমত্বের প্রশ্নে আপসহীনতা আমার জীবনে বিরল অভিজ্ঞতা।
আকাশজমিন/ আরআর