ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরলো বঙ্গবন্ধুর একক ছবি, যুক্ত হলো জিন্নাহ ও জুলাই অভ্যুত্থান মমেকের ৩য় তলায় শিশু ওয়ার্ডে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস শিল্পে গ্যাস সরবরাহ মঙ্গলবার থেকেই স্বাভাবিক হওয়ার আশা প্রধানমন্ত্রীর ব্যাংকে কোটি টাকার হিসাব ছাড়াল ১ লাখ ৪১ হাজার কাশফুল শুধু সৌন্দর্য নয়, অনেকের জীবিকাও বটে তাড়াশে গোয়ালঘরের তালা ভেঙে ৮টি গরু চুরি, নিঃস্ব কৃষক পরিবার ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ১৭৩৩ জন ঢাকার দুই সিটিতে জামায়াতের অনানুষ্ঠানিক মেয়র প্রার্থী ঘোষণা চারবার গুলিবিদ্ধ ও তিনবার কারাবরণ: ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃত্বের আলোচনায় ইশরাক অঙ্গ পাচার চক্রের হাত থেকে ফিরল লোহাগাড়ার রায়হান

সাতক্ষীরা-৩ নির্বাচনে বড় ধাক্কা, তিন স্বতন্ত্র প্রার্থীর মনোনয়ন বাতিল


  • আপলোড সময় : শনিবার ০৩ জানুয়ারী, ২০২৬ সময় : ৪:৪৩ পিএম

সাতক্ষীরা প্রতিনিধি 

সাতক্ষীরা-৩ (আশাশুনি-কালিগঞ্জ) সংসদীয় আসনে মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের প্রথম দিনেই বড় ধরনের আলোড়ন সৃষ্টি হয়েছে। ১ শতাংশ ভোটারের স্বাক্ষর ও তথ্যে গড়মিল থাকার অভিযোগে আলোচিত বিএনপির বিদ্রোহী প্রার্থী ডা. শহিদুল আলমসহ মোট তিনজন স্বতন্ত্র প্রার্থীর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেছেন জেলা রিটার্নিং কর্মকর্তা। শনিবার (৩ জানুয়ারি) দুপুরে সাতক্ষীরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে এই যাচাই-বাছাই কার্যক্রম অনুষ্ঠিত হয়। এতে সংশ্লিষ্ট প্রার্থীরা উপস্থিত ছিলেন।

রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মিজ আফরোজা আখতার অত্যন্ত সতর্কতার সঙ্গে মনোনয়নপত্র যাচাই করেন। যাচাই শেষে তিনি জানান, নির্বাচনী বিধিমালা অনুযায়ী স্বতন্ত্র প্রার্থীদের জন্য দাখিলকৃত ১ শতাংশ ভোটারের সমর্থনসংবলিত তালিকা যাচাই করা হয়েছে। এতে একাধিক প্রার্থীর দাখিল করা ভোটার তথ্য, স্বাক্ষর ও জাতীয় পরিচয়পত্রসংক্রান্ত তথ্যের মধ্যে অসঙ্গতি পাওয়া গেছে। ফলে বিধি অনুযায়ী তাদের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

এবারের নির্বাচনে সাতক্ষীরা-৩ আসনে বিএনপি থেকে মনোনয়ন না পাওয়ায় বিদ্রোহী প্রার্থী হিসেবে ব্যাপক আলোচনায় ছিলেন ডা. শহিদুল আলম। দলীয় মনোনয়ন প্রত্যাশা করলেও শেষ পর্যন্ত মনোনয়ন না পাওয়ায় তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেন। এলাকায় তার প্রার্থিতা ঘিরে ব্যাপক আলোচনা ও রাজনৈতিক কৌতূহল তৈরি হয়েছিল। তবে যাচাই-বাছাইয়ে তার দাখিল করা ১ শতাংশ ভোটারের তথ্যে সঠিকতা না পাওয়ায় নির্বাচন কমিশনের বিধি অনুসারে তার মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়।

ডা. শহিদুল আলমের পাশাপাশি একই অভিযোগে আরও দুই স্বতন্ত্র প্রার্থী এসএ আসফউদ্দৌলা খান ও আসলাম আল মেহেদীর মনোনয়নপত্রও বাতিল করা হয়েছে। রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, তাদের দাখিল করা ভোটার তালিকায় স্বাক্ষরের মিল না থাকা, ভোটার এলাকার অসামঞ্জস্য এবং কিছু ক্ষেত্রে তথ্যের ঘাটতি পাওয়া গেছে। এসব কারণেই তিনজনের মনোনয়নপত্র বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এদিকে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মো. ওয়েজ কুরুনীর মনোনয়নপত্র আপাতত স্থগিত রাখা হয়েছে। রিটার্নিং কর্মকর্তা জানান, তার মনোনয়নপত্রের কিছু বিষয়ে অতিরিক্ত যাচাই প্রয়োজন হওয়ায় চূড়ান্ত সিদ্ধান্ত পরে জানানো হবে। প্রয়োজনীয় কাগজপত্র ও ব্যাখ্যা পর্যালোচনা শেষে এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হবে।

মনোনয়নপত্র যাচাই শেষে সাতক্ষীরা-৩ আসনে যাদের প্রার্থিতা বৈধ ঘোষণা করা হয়েছে তারা হলেন— কাজী আলাউদ্দীন (বাংলাদেশ জাতীয়তাবাদী দল - বিএনপি), হাফেজ মুহাঃ রবিউল বাসার (বাংলাদেশ জামায়াতে ইসলামী), মোঃ আলিফ হোসেন (জাতীয় পার্টি) এবং রুবেল হোসেন (বিএমজেপি)। এসব প্রার্থী এখন আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রতিযোগিতায় অংশ নেওয়ার সুযোগ পাচ্ছেন।

রিটার্নিং কর্মকর্তা মিজ আফরোজা আখতার বলেন, নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী প্রতিটি মনোনয়নপত্র পুঙ্খানুপুঙ্খভাবে পরীক্ষা করা হয়েছে। কারও প্রতি পক্ষপাতমূলক আচরণ করা হয়নি। যেসব প্রার্থীর কাগজপত্রে ত্রুটি পাওয়া গেছে কিংবা ১ শতাংশ ভোটারের স্বাক্ষর ও তথ্য সঠিকভাবে মিলেনি, বিধি অনুযায়ী তাদের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। তবে সংক্ষুব্ধ প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন কমিশনে আপিল করার সুযোগ পাবেন।

তিনি আরও জানান, আপিল কর্তৃপক্ষ যদি মনোনয়ন বাতিলের সিদ্ধান্ত পরিবর্তন করে, সে অনুযায়ী পরবর্তী কার্যক্রম পরিচালনা করা হবে। নির্বাচন কমিশনের গেজেট প্রকাশের আগ পর্যন্ত আইনি প্রক্রিয়া চলমান থাকবে।

উল্লেখ্য, সাতক্ষীরা-৩ (আশাশুনি-কালিগঞ্জ) আসনে এবার মোট আটজন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। যাচাই-বাছাইয়ের প্রথম দিনেই তিনজনের মনোনয়ন বাতিল হওয়ায় নির্বাচনী মাঠে রাজনৈতিক সমীকরণে বড় ধরনের পরিবর্তনের সম্ভাবনা তৈরি হয়েছে। বিশেষ করে আলোচিত বিদ্রোহী প্রার্থী ডা. শহিদুল আলমের মনোনয়ন বাতিল হওয়ায় স্থানীয় রাজনীতিতে নানা আলোচনা শুরু হয়েছে।

এখন আপিল প্রক্রিয়ার দিকে তাকিয়ে আছেন বাতিল হওয়া প্রার্থীরা ও তাদের সমর্থকরা। আপিলের ফলাফল অনুযায়ী সাতক্ষীরা-৩ আসনের চূড়ান্ত প্রার্থী তালিকা নির্ধারিত হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।



এ সম্পর্কিত আরো খবর