ঢাকা, বাংলাদেশ ।
  বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬,  ১৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

মুস্তাফিজ ইস্যুতে উত্তাপ ক্রীড়াঙ্গন, মুখ খুললেন হরভজন


  • আপলোড সময় : সোমবার ০৫ জানুয়ারী, ২০২৬ সময় : ৬:৩১ পিএম

২০২৬ টি–টোয়েন্টি বিশ্বকাপে ভারতের ভেন্যুতে বাংলাদেশের ম্যাচ আয়োজন নিয়ে তৈরি হওয়া অনিশ্চয়তা প্রসঙ্গে মুখ খুলেছেন ভারতের সাবেক ক্রিকেটার হরভজন সিং। তার মতে, ভারত সফরে আসবে কি না—এই সিদ্ধান্ত নেওয়ার পূর্ণ অধিকার বাংলাদেশেরই। সাম্প্রতিক সময়ে দুই দেশের ক্রিকেট সম্পর্কের টানাপোড়েনের প্রেক্ষাপটে হরভজনের মন্তব্য নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার ঘটনার পর গত কয়েক দিনে বাংলাদেশ ও ভারতের ক্রিকেট সম্পর্ক নতুন করে উত্তেজনার মুখে পড়ে। এরই মধ্যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) কাছে আনুষ্ঠানিকভাবে আবেদন জানিয়েছে, যেন ২০২৬ টি–টোয়েন্টি বিশ্বকাপে ভারতের ভেন্যুতে বাংলাদেশের ম্যাচগুলো না রাখা হয়। খেলোয়াড়দের নিরাপত্তা শঙ্কার কথা তুলে ধরেই এই অনুরোধ জানানো হয়েছে।

এই প্রসঙ্গে হরভজন সিং বলেন, “গত কয়েক দিনে যা যা ঘটেছে, তারপর বাংলাদেশ ভারতে আসতে চায় না। বাংলাদেশে যা হয়েছে, তা ভুল। এখন আইসিসিকেই তাদের অনুরোধের বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে। ভারত সবাইকে স্বাগত জানায়, কিন্তু তারা এখানে আসতে চায় কি না—সেটা তাদের নিজস্ব সিদ্ধান্ত।” তার বক্তব্যে স্পষ্টভাবে উঠে এসেছে, বিষয়টি জোর করে চাপিয়ে দেওয়ার মতো নয়।

এই পরিস্থিতির পেছনে মূল কারণ হিসেবে দেখা হচ্ছে আইপিএল ফ্র্যাঞ্চাইজি কলকাতা নাইট রাইডার্সের কাছ থেকে বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমানকে ছেড়ে দেওয়ার জন্য বিসিসিআইয়ের নির্দেশ। আসন্ন মৌসুমের আগে কলকাতা ৯ কোটি ২০ লাখ রুপিতে মুস্তাফিজুর রহমানকে দলে নেয়। তবে নিলামের কয়েক সপ্তাহ পরই পরিস্থিতি নাটকীয়ভাবে বদলে যায়।

বাংলাদেশের রাজনৈতিক পটপরিবর্তনের পর ‘কথিত’ সংখ্যালঘু সহিংসতার অভিযোগ ঘিরে ভারতে সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়। সেই প্রতিক্রিয়ার প্রভাব পড়ে আইপিএল ফ্র্যাঞ্চাইজি কলকাতা নাইট রাইডার্স এবং দলটির সহ-মালিক শাহরুখ খানের ওপরও। ক্রমবর্ধমান চাপের মধ্যে শেষ পর্যন্ত ৩ জানুয়ারি বিসিসিআই হস্তক্ষেপ করে। বোর্ডের সচিব দেবজিৎ সাইকিয়া জানান, ‘সাম্প্রতিক পরিস্থিতি’র কারণে কেকেআরকে মুস্তাফিজুর রহমানকে ছেড়ে দিতে বলা হয়েছে। তবে সেই ‘সাম্প্রতিক পরিস্থিতি’ কী, তা বিস্তারিতভাবে ব্যাখ্যা করা হয়নি। পরবর্তীতে কেকেআর জানায়, বিসিসিআইয়ের নির্দেশ মানা ছাড়া তাদের আর কোনো উপায় ছিল না।

আইপিএলের ইতিহাসে এর আগে কখনো কোনো চুক্তিবদ্ধ খেলোয়াড়কে মৌসুম শুরুর এত আগে, ফিটনেস বা শৃঙ্খলাজনিত কারণ ছাড়া বাদ দেওয়ার নজির নেই। ফলে বিষয়টি কেবল ক্রিকেটীয় সিদ্ধান্তের মধ্যে সীমাবদ্ধ না থেকে কূটনৈতিক আলোচনার বিষয় হয়ে ওঠে। মুস্তাফিজকে বাদ দেওয়ার দিনই জরুরি বৈঠকে বসে বিসিবি।

এর পাশাপাশি বাংলাদেশ সরকারও পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত দেশে আইপিএলের সব ধরনের সম্প্রচার বন্ধের সিদ্ধান্ত নেয়। এর পরপরই বিসিবি আইসিসির কাছে আবেদন করে, ২০২৬ টি–টোয়েন্টি বিশ্বকাপে ভারতের ভেন্যুতে বাংলাদেশের ম্যাচ না রাখার জন্য। ভারত ও শ্রীলঙ্কার যৌথ আয়োজনে আগামী ৭ ফেব্রুয়ারি শুরু হওয়ার কথা এই বিশ্বকাপ। টুর্নামেন্ট শুরুর আর মাত্র এক মাসের কিছু বেশি সময় বাকি থাকায় সূচি পরিবর্তন আইসিসির জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। বাংলাদেশের অনুরোধ, ভারতের অবস্থান এবং সামগ্রিক পরিস্থিতি—সব মিলিয়ে এখন চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হবে আইসিসিকেই।

আকাশজমিন / আরআর           


এ সম্পর্কিত আরো খবর