বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়া-এর রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল আয়োজন করেছে জিয়াউর রহমান ফাউন্ডেশন (জেডআরএফ)। মাহফিলটি গত শুক্রবার বিকেলে রাজধানীর গুলশান-১ নম্বরে ফাউন্ডেশনের অফিসে অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেডআরএফ-এর ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান। তিনি মাহফিলে বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবন ও দেশের মানুষের অধিকার রক্ষায় তার ত্যাগের কথা স্মরণ করেন। এতে সংক্ষিপ্ত বক্তব্য দেন জেডআরএফ-এর নির্বাহী পরিচালক অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার। মাহফিলের শুরুতে কুরআন তিলাওয়াত করা হয়। পরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বিশেষ মুনাজাতে অংশ নেন ডা. জুবাইদা রহমান এবং জেডআরএফ-এর বোর্ড অব ডিরেক্টরবৃন্দ।
ডা. জুবাইদা রহমান জেডআরএফ কার্যালয়ে পৌঁছালে তাঁকে স্বাগত জানান অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার, অধ্যাপক ড. মোর্শেদ হাসান খান এবং ডা. শাহ মুহাম্মদ আমান উল্লাহ। তিনি খালেদা জিয়ার জন্য রাখা শোকবইয়ে স্বাক্ষর করে নিজের অনুভূতির কথা লিখেন।
দোয়া মাহফিলে আরও উপস্থিত ছিলেন অধ্যাপক ড. মোর্শেদ হাসান খান (ডাইরেক্টর, এডমিন), অধ্যাপক ড. আবুল হাসনাত মোহা. শামীম (ডাইরেক্টর, ফাইন্যান্স), ডা. সৈয়দা তাজনীন ওয়ারিস সিমকী (ডাইরেক্টর, প্ল্যানিং), ডা. শাহ মুহাম্মদ আমান উল্লাহ (ডাইরেক্টর, প্রোগ্রাম), ডা. মোস্তফা আজিজ সুমন, প্রকৌশলী মো. মাহবুব আলম, কৃষিবিদ ড. খন্দকার মাহফুজুল হক বাচ্চু, অধ্যাপক ড. মো. লুৎফর রহমান, এডভোকেট মোহাম্মদ আলী, আমিরুল ইসলাম কাগজী, অধ্যাপক ড. এবিএম ওবায়দুল ইসলাম, কৃষিবিদ আনোয়ারুননবী মজুমদার বাবলা, কৃষিবিদ শামীমুর রহমান শামীম, অধ্যাপক ড. শেখ মনির উদ্দিন, প্রকৌশলী একেএম জহিরুল ইসলাম, কৃষিবিদ শফিউল আলম দিদার, প্রকৌশলী উমাশা উমায়ন মনি চৌধুরী, অধ্যাপক ড. আব্দুল করিম, অধ্যাপক ড. আব্দুর রশিদ, অধ্যাপক ড. আবদুস সালাম, অধ্যাপক ড. ইকবাল, ডা. এএসএইচ পারভেজ, প্রকৌশলী আলমগীর হাছিন আহমেদ, প্রকৌশলী একেএম আসাদুজ্জামান চুন্নুসহ অনেকে।
মাহফিলে জেডআরএফ-এর বোর্ড অব ডিরেক্টরবৃন্দের পাশাপাশি বিভিন্ন পর্যায়ের চিকিৎসক, প্রকৌশলী ও কৃষিবিদসহ পেশাজীবীরা উপস্থিত ছিলেন। অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার বলেন, “বেগম খালেদা জিয়া আজীবন গণতন্ত্রের জন্য আপসহীন লড়াই করেছেন। তার শূন্যতা পূরণ হওয়া কঠিন।” তিনি দেশের সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করেন। মোনাজাতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার শান্তি এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করা হয়।
আকাশজমিন / আরআর