জাতীয় পার্টির (জাপা) মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী বলেছেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু না হলে দেশে গৃহযুদ্ধ হতে পারে। তিনি শনিবার (১০ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে এ কথা বলেন।
শামীম হায়দার পাটোয়ারী বলেন, “এই ভোটটি সুষ্ঠু হওয়া জাতির জন্য প্রয়োজন। এই ভোট সুষ্ঠু না হলে দেশে গৃহযুদ্ধ হতে পারে। রাজনৈতিক মতপার্থক্য বৃদ্ধি পেতে পারে এবং দেশের অর্থনীতি ধ্বংসের মুখে পড়বে। এই ভোটটি যদি সুষ্ঠু হয়, তাহলে এটি দেশের জন্য বাঁচার সুযোগ।”
তিনি আরও বলেন, নির্বাচন কমিশন যথেষ্ট নিরপেক্ষতার সঙ্গে কাজ করার চেষ্টা করছে, তবে মাঠে এই নিরপেক্ষতা দেখতে চান। যেকোনো জায়গায় যদি উত্তেজনা দেখা দেয়, সেখানেই সঠিক প্রতিরোধ গড়ে তুলতে হবে। সরকার ও নির্বাচন কমিশনকে এই নীতিতে কাজ করতে হবে। তিনি ১৭ লাখ সরকারি কর্মচারীরও দৃঢ় ভূমিকা প্রত্যাশা করেন।
শামীম হায়দার পাটোয়ারী সেনাবাহিনী, পুলিশ ও প্রশাসনকে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করার জন্য কাজ করার আহ্বান জানান।
একই দিনে নির্বাচন কমিশন ভবনের অডিটোরিয়ামে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল শুনানি শুরু হয়। জাতীয় পার্টির ১২টি আপিলের মধ্যে ১০ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়।
আকাশজমিন / আরআর