নারায়ণগঞ্জের রূপগঞ্জে পূর্বাচল উপশহর ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা সংলগ্ন এলাকা থেকে তিন শিশুকে উদ্ধার করেছে পুলিশ। ১১ জানুয়ারি রবিবার ভোর সাড়ে ৪টার দিকে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা এলাকা থেকে তাদের উদ্ধার করা হয়।
রূপগঞ্জ থানার ওসি (তদন্ত) মোকতার হোসেন জানান, পূর্বাচল পুলিশ ক্যাম্পের এএসআই পংকজ ফোর্সসহ একটি অভিযান পরিচালনা করেন। শিশুরা বাণিজ্য মেলার আশপাশে ঘুরাফিরা করছিলো। এই সময় রোহান (১০), সাজু (৮) ও জান্নাত (৫) নামের তিন শিশুকে উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে উদ্ধারকৃত শিশুরা একেকবার ভিন্ন ভিন্ন ঠিকানা বলায় তাদের প্রকৃত পরিচয় ও স্থায়ী ঠিকানা নিশ্চিত করা সম্ভব হয়নি। তবে জানা গেছে, রোহান মামুনের সন্তান এবং সাজু ও জান্নাত রহিমের সন্তান বলে তারা দাবি করেছে।
উদ্ধারের পর বিষয়টি রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সবজেলকে অবহিত করা হয় এবং শিশুদের নিরাপদ হেফাজতে থানায় নেওয়া হয়। পরবর্তীতে রূপগঞ্জ সমাজসেবা কার্যালয়কে জানানো হলে সমাজসেবা অধিদপ্তর শিশুদের প্রয়োজনীয় দেখভাল ও পরবর্তী ব্যবস্থা গ্রহণের দায়িত্ব নেয়।
এ ঘটনায় রূপগঞ্জ থানা পুলিশের সহযোগিতা ও সমাজসেবা কার্যালয়ের সুষ্ঠু সমন্বয়ের মাধ্যমে শিশুদের ভবিষ্যত সুরক্ষায় কার্যকর পদক্ষেপ গ্রহণের লক্ষ্যে কাজ চলছে।