অনলাইন রিপোর্টার
রাজধানীর সায়েন্স ল্যাব মোড় ও মিরপুরের টেকনিক্যাল মোড়ে আবারও সড়ক অবরোধ করেছেন ঢাকার সাতটি সরকারি কলেজের শিক্ষার্থীরা। ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দুপুর থেকে শুরু হওয়া এই অবরোধে রাজধানীর গুরুত্বপূর্ণ সড়কগুলোতে তীব্র যানজট সৃষ্টি হয়। এতে চরম ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ, যাত্রী ও যানচালকেরা।
দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকা কলেজ থেকে শিক্ষার্থীরা একটি মিছিল নিয়ে বের হন। মিছিলটি দুপুর ১২টা ৪০ মিনিটে সায়েন্স ল্যাব মোড়ে পৌঁছে সড়ক অবরোধ করে। একই সময়ে মিরপুরের টেকনিক্যাল মোড়েও শিক্ষার্থীদের একটি অংশ অবস্থান নেয়। অবরোধে অংশ নেন ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, সরকারি বাঙলা কলেজ ও তিতুমীর কলেজের শিক্ষার্থীরা।
অবরোধ চলাকালে শিক্ষার্থীরা ‘উই ওয়ান্ট জাস্টিস’, ‘রাষ্ট্র তোমার সময় শেষ, জারি করো অধ্যাদেশ’, ‘আমি কে তুমি কে, ডিসিইউ ডিসিইউ’সহ বিভিন্ন স্লোগান দেন। কবি নজরুল সরকারি কলেজের শিক্ষার্থী ফারুক হাসান বলেন, তাদের একটাই দাবি—ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ অবিলম্বে জারি করতে হবে। আর কোনো সময়ক্ষেপণ তারা চান না বলেও উল্লেখ করেন তিনি।
অবরোধের ফলে সায়েন্স ল্যাব, মিরপুর সড়ক ও আশপাশের এলাকায় যান চলাচল কার্যত বন্ধ হয়ে যায়। আজিমপুর থেকে গাবতলী পর্যন্ত মিরপুর সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। মিরপুর-১, ২ ও ১০ নম্বর এলাকাতেও একই চিত্র দেখা যায়। গাড়ি না পেয়ে অনেক মানুষ হেঁটে গন্তব্যে রওনা হন।
ভোগান্তির শিকার সাভার থেকে আসা মো. হানিফ বলেন, তিনি গুলিস্তান যাওয়ার পথে সায়েন্স ল্যাব মোড়ে আটকে পড়েন। তার অভিযোগ, যত্রতত্র সড়ক অবরোধে সাধারণ মানুষের জীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। তিনি সরকারের কাছে মানুষের ভোগান্তি লাঘবে কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানান।
এর আগের দিন বুধবারও একই দাবিতে সায়েন্স ল্যাব মোড়, টেকনিক্যাল মোড় ও পুরান ঢাকার তাঁতীবাজার মোড় অবরোধ করেন সাত কলেজের শিক্ষার্থীরা। একই দিন অল্প সময়ের জন্য মহাখালীতেও সড়ক অবরোধ করা হয়। অন্যদিকে সহপাঠী হত্যার বিচার ও জড়িতদের গ্রেপ্তারের দাবিতে তেজগাঁও কলেজের শিক্ষার্থীরাও ফার্মগেট এলাকায় সড়ক অবরোধ করেন।
শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশের পরিমার্জিত খসড়া গত মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। দ্রুত মন্ত্রিপরিষদ বিভাগের নীতিগত সম্মতি ও আইন মন্ত্রণালয়ের ভেটিং শেষে তা উপদেষ্টা পরিষদে অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে।
উল্লেখ্য, ২০১৭ সালে প্রস্তুতি ছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্তির পর থেকেই সাত কলেজ নিয়ে নানা সংকট চলমান। সংকট সমাধানে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হলেও খসড়া অধ্যাদেশ নিয়ে একাধিকবার শিক্ষার্থীদের আন্দোলন দেখা দিয়েছে। সাম্প্রতিক পরিমার্জিত খসড়ায় কলেজগুলোর নিজস্ব বৈশিষ্ট্য বজায় রেখে জাতীয় বিশ্ববিদ্যালয়ের মতো সংযুক্ত কাঠামোয় পরিচালনার প্রস্তাব রাখা হয়েছে।
আকাশজমিন / আরআর