ঢাকা, বাংলাদেশ ।
  বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬,  ১৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

কঠোর নিয়মে জাতীয় সংসদ ভবনে খালেদা জিয়ার শোকসভা


  • আপলোড সময় : শুক্রবার ১৬ জানুয়ারী, ২০২৬ সময় : ১:০৯ পিএম

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্মরণে আজ শুক্রবার (১৬ জানুয়ারি) বেলা আড়াইটায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘নাগরিক শোকসভা’। নাগরিক সমাজের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে অংশগ্রহণ ও ব্যবস্থাপনা ঘিরে কঠোর নিয়মাবলি নির্ধারণ করা হয়েছে। আয়োজকেরা জানিয়েছেন, এটি কোনো রাজনৈতিক সমাবেশ নয়; বরং নীরবতা, শৃঙ্খলা ও গাম্ভীর্যের মাধ্যমে শ্রদ্ধা জানানোর একটি নাগরিক আয়োজন।

অনুষ্ঠান উপলক্ষে বৃহস্পতিবার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিস্তারিত তুলে ধরেন অধ্যাপক মাহবুব উল্লাহ। তিনি বলেন, এই শোকসভায় কোনো রাজনৈতিক দলের নেতা মঞ্চে বক্তব্য দেবেন না। বিভিন্ন পেশার শীর্ষ ব্যক্তিত্ব, গবেষক, ধর্মীয় প্রতিনিধি, পাহাড়ি জনগোষ্ঠীর প্রতিনিধি, চিকিৎসক, শিক্ষকসহ নানা শ্রেণি-পেশার মানুষ বক্তব্য দেবেন। তবে রাজনৈতিক দলগুলোকে অতিথি হিসেবে আমন্ত্রণ জানানো হয়েছে এবং তারা দর্শকসারিতে উপস্থিত থাকবেন।

অধ্যাপক মাহবুব উল্লাহ বলেন, গত ৩০ ডিসেম্বর বেগম খালেদা জিয়ার মৃত্যুর পর বিপুলসংখ্যক মানুষ তার প্রতি শোক ও শ্রদ্ধা প্রকাশ করেছেন। সেই সম্মিলিত শোক ও অনুভূতিকে মর্যাদার সঙ্গে প্রকাশ করতেই নাগরিক সমাজের পক্ষ থেকে এই আয়োজন করা হয়েছে। তিনি বলেন, এটি একটি পবিত্র ও সংবেদনশীল অনুষ্ঠান, যেখানে গাম্ভীর্য ও শৃঙ্খলা রক্ষা করা অত্যন্ত জরুরি।

তিনি আরও বলেন, দার্শনিকভাবে মানুষের প্রতিটি কাজই কোনো না কোনোভাবে রাজনীতির সঙ্গে যুক্ত। সে দিক থেকে এই আয়োজনকে রাজনৈতিক বলা গেলেও বাস্তবে এটি রাজনৈতিক বক্তব্যের মঞ্চ নয়। কারণ এখানে বক্তব্য দেবেন কেবল পেশাজীবী ও নাগরিক সমাজের প্রতিনিধিরা, কোনো রাজনৈতিক দলের নেতা নন।

সংবাদ সম্মেলনে জানানো হয়, বিএনপির চেয়ারম্যান তারেক রহমান এবং বেগম খালেদা জিয়ার পরিবারের সদস্যদের আমন্ত্রণ জানানো হয়েছে এবং তারা অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বলে আশা করা হচ্ছে।

আয়োজকেরা শোকসভায় অংশগ্রহণের ক্ষেত্রে বেশ কিছু কঠোর নিয়মাবলি ঘোষণা করেছেন। এসব নিয়মের মধ্যে রয়েছে— অনুষ্ঠানে সেলফি তোলা যাবে না, হাততালি দেওয়া যাবে না, দাঁড়িয়ে থাকা যাবে না এবং আমন্ত্রণপত্র ছাড়া প্রবেশ নিষিদ্ধ। তবে কোনো আমন্ত্রিত অতিথি আমন্ত্রণপত্র আনতে ভুলে গেলে তার জন্য বিকল্প প্রবেশপত্রের ব্যবস্থা থাকবে, যা কেবল তালিকাভুক্ত ব্যক্তিদের ক্ষেত্রেই প্রযোজ্য হবে।

আয়োজকেরা স্পষ্ট করে বলেন, এই অনুষ্ঠান কোনো জনসভা বা রাজনৈতিক সমাবেশ নয়। এটি শ্রদ্ধা জানানো এবং নীরব উপস্থিতির একটি আয়োজন, যেখানে শোকের আবহ বজায় রাখাই মূল লক্ষ্য।

মিডিয়ার প্রতিনিধিদের ব্যাপক আগ্রহের কারণে আড়াই হাজারের বেশি আমন্ত্রণপত্র সাংবাদিকদের পাঠানো হয়েছে। ইলেকট্রনিক, প্রিন্ট ও অনলাইন— প্রতিটি প্ল্যাটফর্মের জন্য আলাদা বুথের ব্যবস্থা রাখা হয়েছে। মাল্টিমিডিয়া কর্মীদের ক্ষেত্রেও অফিসের অনুমোদিত প্রতিনিধি হলে এবং আমন্ত্রণপত্র থাকলে প্রবেশের সুযোগ থাকবে।

লাইভ কভারেজের জন্য সাংবাদিকদের প্রয়োজনীয় প্রযুক্তিগত সুবিধা রাখা হয়েছে। দক্ষিণ প্লাজায় ওয়াই-ফাই, টাওয়ারসহ প্রয়োজনীয় অবকাঠামো প্রস্তুত রাখা হয়েছে। বিটিভি মূল লাইভ সম্প্রচার করবে এবং অন্যান্য চ্যানেল চাইলে সেখান থেকে ফিড নিতে পারবে।

আয়োজকেরা জানান, দেশের বিভিন্ন পেশাজীবীর পাশাপাশি বিদেশি কূটনৈতিক মিশনের প্রতিনিধিরাও অনুষ্ঠানে আমন্ত্রিত থাকবেন। দুপুর সাড়ে ১২টার দিকে অতিথিদের জন্য প্রবেশপথ খুলে দেওয়া হবে।


এ সম্পর্কিত আরো খবর