রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২৫–২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার ‘এ’ ইউনিটের পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। এ ইউনিটে ১ হাজার ৮৯৭টি আসনের বিপরীতে আবেদন জমা পড়েছে ১ লাখ ১১ হাজার ৫১৪টি। সেই হিসাবে প্রতিটি আসনের জন্য গড়ে প্রতিযোগিতা করছেন প্রায় ৫৯ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী।
শনিবার (১৭ জানুয়ারি) দুপুরে বিশ্ববিদ্যালয়ের ডীনস্ কমপ্লেক্সে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সালেহ হাসান নকীব।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে উপাচার্য জানান, ‘এ’ ইউনিটের অধীনে কলা, আইন, সামাজিক বিজ্ঞান ও চারুকলা অনুষদের মোট ২৭টি বিভাগ এবং শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট রয়েছে। এ ইউনিটের ভর্তি পরীক্ষা দুই শিফটে অনুষ্ঠিত হয়। প্রথম শিফট সকাল ১১টায় শুরু হয়, যেখানে অংশগ্রহণ করেন ৫৭ হাজার ৭৫৯ জন পরীক্ষার্থী। দ্বিতীয় শিফট বিকাল ৩টায় শুরু হয়, যেখানে অংশগ্রহণের জন্য নির্ধারিত ছিলেন ৫৭ হাজার ৭৫৬ জন পরীক্ষার্থী।
তিনি আরও জানান, রাজশাহীর পাশাপাশি একই সময়ে ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রংপুর ও বরিশাল বিভাগের আঞ্চলিক কেন্দ্রগুলোতেও একযোগে এ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। বিভাগীয় শহরগুলোতে কেন্দ্র স্থাপনের ফলে শিক্ষার্থীদের ভোগান্তি কমেছে এবং সার্বিক ব্যবস্থাপনা আরও সহজ হয়েছে।
উপাচার্য অধ্যাপক সালেহ হাসান নকীব বলেন, গতকালের ‘সি’ ইউনিটের পরীক্ষায় আধুনিক প্রযুক্তির অপব্যবহারের কিছু বিষয় প্রশাসনের নজরে আসায় আজ অতিরিক্ত সতর্কতা অবলম্বন করা হয়েছে। পরীক্ষাকেন্দ্রগুলোতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয় এবং প্রবেশপথে কঠোর তল্লাশি চালানো হয়। এখন পর্যন্ত কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। প্রাথমিকভাবে উপস্থিতির হার প্রায় ৮৫ শতাংশ বলে ধারণা করা হচ্ছে।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. মাহবুবর রহমান জানান, ভর্তি পরীক্ষাকে ঘিরে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ছিল। পরীক্ষাকেন্দ্রে প্রবেশের আগে শিক্ষার্থীদের কাছে মোবাইল ফোন বা নিষিদ্ধ কোনো ডিভাইস রয়েছে কি না, তা কঠোরভাবে যাচাই করা হয়েছে। যাচাই শেষে পরীক্ষার্থীদের কেন্দ্রে প্রবেশের অনুমতি দেওয়া হয়। রাজশাহীর বাইরের কেন্দ্রগুলোতেও কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনার তথ্য পাওয়া যায়নি বলে তিনি জানান।
প্রক্টর আরও বলেন, ভর্তি পরীক্ষার স্বচ্ছতা ও সুশৃঙ্খল পরিবেশ বজায় রাখতে প্রশাসনের পক্ষ থেকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা হয়েছে। শিক্ষক, কর্মকর্তা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বয়ে পরীক্ষার পরিবেশ নির্বিঘ্ন রাখা সম্ভব হয়েছে।
উল্লেখ্য, গত শুক্রবার (১৬ জানুয়ারি) রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। আগামী ২৪ জানুয়ারি ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ‘বি’ ইউনিটে আবেদন জমা পড়েছে ৩০ হাজার ৮৮৬টি। চলতি শিক্ষাবর্ষে তিনটি ইউনিট মিলিয়ে মোট আবেদন জমা পড়েছে ২ লাখ ৭২ হাজার ৬২৫টি।
আকাশজমিন /
আরআর