কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি:
কিশোরগঞ্জের কটিয়াদীতে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের বিশেষ দাওয়াতি ছাত্র সংযোগ মাস উপলক্ষে জনশক্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ছাত্র সমাজের মধ্যে সাংগঠনিক কার্যক্রম জোরদার এবং আদর্শিক দাওয়াত সম্প্রসারণের লক্ষ্যেই এই সমাবেশের আয়োজন করা হয়।
শনিবার (১৭ জানুয়ারি) সকাল ১০টায় কটিয়াদী উপজেলা ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে কটিয়াদী সদরের স্বপ্ন কুঞ্জ কমিউনিটি সেন্টারে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন কটিয়াদী উপজেলা ইসলামী ছাত্রশিবিরের সভাপতি সিয়াম হোসেন।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাহমুদুল হাসান, সাবেক সভাপতি, ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া শাখা ছাত্রশিবির। তিনি তাঁর বক্তব্যে ইসলামী ছাত্র আন্দোলনের ইতিহাস, লক্ষ্য ও দায়িত্ব সম্পর্কে আলোচনা করেন। তিনি বলেন, আদর্শবান ছাত্রসমাজ গঠনে ইসলামী ছাত্রশিবিরের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং দাওয়াতি কার্যক্রমের মাধ্যমে ছাত্রদের নৈতিক উন্নয়ন সম্ভব।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাকসু নেতা ও স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক আব্দুল্লাহ আল মিনহাজ, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ। তিনি ডাকসু নির্বাচনের বিভিন্ন অভিজ্ঞতার কথা তুলে ধরে বলেন, ইসলামী ছাত্রশিবির সমর্থিত প্যানেলকে পরাজিত করার জন্য নির্বাচনকে কেন্দ্র করে নানা ষড়যন্ত্র করা হয়েছিল। এমনকি ফলাফল ছিনিয়ে নেওয়ারও চেষ্টা চালানো হয় বলে তিনি অভিযোগ করেন।
তিনি আরও বলেন, শিবির সমর্থিত প্যানেল বিজয়ী হলে শিক্ষার্থীদের মধ্যে বিভ্রান্তি ছড়ানোর জন্য পরিকল্পিতভাবে অপপ্রচার চালানো হয়। ভোটারদের মনে ভয় সৃষ্টি করে একটি বিশেষ মহল শিবিরের অগ্রযাত্রা রোধের চেষ্টা করেছে বলেও তিনি মন্তব্য করেন।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি হাসান আল মামুন। তিনি বলেন, ছাত্র সমাজকে ইসলামী আদর্শে গড়ে তুলতে হলে দাওয়াতি কার্যক্রমকে আরও সুসংগঠিত ও কার্যকর করতে হবে। তিনি সংগঠনের জনশক্তিকে মাঠপর্যায়ে আরও সক্রিয় হওয়ার আহ্বান জানান।
কটিয়াদী উপজেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক মোজাম্মেল হক জোয়ারদার তাঁর বক্তব্যে বলেন, ইসলামী ছাত্রশিবির কেবল একটি ছাত্র সংগঠন নয়, বরং এটি নৈতিক ও আদর্শিক নেতৃত্ব তৈরির একটি প্ল্যাটফর্ম। ছাত্রদের দায়িত্বশীল ও সমাজসেবামুখী হিসেবে গড়ে তুলতে শিবিরের ভূমিকা প্রশংসনীয়।
এছাড়া বক্তব্য রাখেন জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-কিশোরগঞ্জ) আসনের মাওলানা শফিকুল ইসলাম মোড়ল, সাবেক সভাপতি বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা মাহবুবুর রহমান মাহফুজ এবং সাবেক সভাপতি কিশোরগঞ্জ জেলা শাখা মাওলানা আলী হোসেন রনি কাউসার।
সমাবেশে কটিয়াদী উপজেলা জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের বিভিন্ন পর্যায়ের পাঁচ শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন। বক্তারা ছাত্র সমাজের নৈতিক, সামাজিক ও আদর্শিক উন্নয়নে ইসলামী ছাত্রশিবিরের ভূমিকা তুলে ধরেন এবং দাওয়াতি ছাত্র সংযোগ মাস সফল করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
আকাশজমিন /
আরআর