দুই দশক পর আজ সিলেট সফরে যাচ্ছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। দলীয় চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নেওয়ার পর ঢাকার বাইরে এটিই তাঁর প্রথম নির্বাচনি জনসভা। এই সফরের মাধ্যমে ঐতিহ্য অনুযায়ী সিলেট থেকেই আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা শুরু করতে যাচ্ছে বিএনপি।
বৃহস্পতিবার সকাল ১১টায় সিলেট নগরীর ঐতিহাসিক সরকারি আলিয়া মাদরাসা মাঠে অনুষ্ঠিত হবে এই নির্বাচনি জনসভা। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন তারেক রহমান। জনসভার শুরুতেই তিনি সিলেট ও সুনামগঞ্জ জেলার সংসদীয় আসনগুলোর প্রার্থীদের জনগণের সামনে আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেবেন। দলীয় নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ ভোটারদের উপস্থিতিতে এই জনসভাকে কেন্দ্র করে নির্বাচনী উত্তাপ ছড়িয়ে পড়বে বলে আশা করছে বিএনপি।
জনসভায় যোগ দেওয়ার আগে তারেক রহমান পুণ্যভূমি সিলেটে হযরত শাহজালাল (রহ.) ও হযরত শাহপরান (রহ.)-এর মাজার জিয়ারত করবেন। এই জিয়ারতকে কেন্দ্র করেও দলীয় নেতাকর্মীদের মধ্যে বিশেষ আবেগ ও উৎসাহ লক্ষ্য করা যাচ্ছে। মাজার কর্তৃপক্ষ তারেক রহমানকে স্বাগত জানাতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে।
তারেক রহমানের আগমনকে ঘিরে সিলেট নগরীতে উৎসবের আমেজ বিরাজ করছে। নগরীর প্রধান সড়কসহ অলিগলি ব্যানার, ফেস্টুন ও তোরণে ছেয়ে গেছে। বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা দিন-রাত কাজ করে জনসভার প্রস্তুতি সম্পন্ন করছেন। মঙ্গলবার বিকেলে এক সংবাদ সম্মেলনে সিলেট জেলা ও মহানগর বিএনপির নেতৃবৃন্দ জানান, এই জনসভায় সিলেট ও সুনামগঞ্জ জেলা থেকে কয়েক লাখ মানুষের সমাগম ঘটবে বলে তারা আশা করছেন।
জনসভাস্থল সরকারি আলিয়া মাদরাসা মাঠে চলছে শেষ মুহূর্তের কর্মযজ্ঞ। বিশাল আকারের মঞ্চ নির্মাণ, সাউন্ড সিস্টেম স্থাপন ও আলোকসজ্জার কাজ প্রায় শেষ পর্যায়ে রয়েছে। জনসভার শৃঙ্খলা রক্ষা ও সার্বিক ব্যবস্থাপনায় স্বেচ্ছাসেবক দলসহ বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা নিবিড়ভাবে দায়িত্ব পালন করছেন।
তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে জেলা ও মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে নেওয়া হয়েছে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা। জনসভাস্থল, আশপাশের সড়ক ও গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করবেন। যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় পর্যাপ্ত নিরাপত্তা প্রস্তুতি রাখা হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
দীর্ঘ প্রায় দুই দশক পর তারেক রহমানের সিলেট সফর বিএনপির রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ ঘটনা হিসেবে দেখা হচ্ছে। দলীয় চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নেওয়ার পর তাঁর এই প্রথম বড় পরিসরের নির্বাচনি জনসভা হওয়ায় রাজনৈতিক অঙ্গনে তৈরি হয়েছে ব্যাপক আলোচনা ও প্রত্যাশা। এই সফর এবং জনসভা থেকে দেওয়া বক্তব্য আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির কৌশল ও দিকনির্দেশনার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।
তারেক রহমানের সিলেট সফর জাতীয় রাজনীতিতে কী ধরনের প্রভাব ফেলবে এবং নির্বাচনি মাঠে বিএনপির অবস্থান কতটা শক্তিশালী করবে—সেদিকেই এখন রাজনৈতিক অঙ্গনের সবার নজর।