ঢাকা, বাংলাদেশ ।
  বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬,  ১৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

নির্বাচিত হলে তালা-কলারোয়ার উন্নয়নে কাজ করা হবে: হাবিব


  • আপলোড সময় : মঙ্গলবার ২৭ জানুয়ারী, ২০২৬ সময় : ৮:২৮ পিএম

সাতক্ষীরা প্রতিনিধি 

নির্বাচিত হতে পারলে সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সার্বিক উন্নয়নে কাজ করা হবে বলে মন্তব্য করেছেন ধানের শীষের প্রার্থী সাবেক সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় নেতা হাবিবুল ইসলাম হাবিব। তিনি বলেন, জনগণের ভালোবাসা ও ভোটের মাধ্যমে নির্বাচিত হয়ে এলাকার উন্নয়ন, শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করাই তার মূল লক্ষ্য।

সোমবার বিকেলে তালা উপজেলার খলিলনগর মাধ্যমিক বিদ্যালয় মাঠে জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আয়োজিত এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জনসভায় বিপুলসংখ্যক নেতাকর্মী ও সাধারণ ভোটার উপস্থিত ছিলেন।

হাবিবুল ইসলাম হাবিব তার বক্তব্যে বলেন, “আমার নেত্রী বেগম খালেদা জিয়া কষ্টে কষ্টে মারা গেছেন। তার জানাজায় এক কোটিরও বেশি মানুষ অংশ নিয়েছে। তার সেই ত্যাগ ও ভালোবাসার কথা মনে রেখে মা-বোনেরা কি আমাকে ভোট দেবেন না?” তিনি বলেন, একজন মুসলমানের সন্তান হিসেবে তিনি সকল ধর্ম ও বর্ণের মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে চান।

তিনি আরও বলেন, “হিন্দু হোক, খ্রিস্টান হোক, বৌদ্ধ হোক কিংবা মুসলিম হোক—যে কোনো ধর্মের মানুষ এবং যে কোনো রাজনৈতিক দলের সমর্থক হোক না কেন, সবার নিরাপত্তার দায়িত্ব আমি আজ থেকে গ্রহণ করলাম।” তিনি দৃঢ়ভাবে বলেন, তার দ্বারা কারও কোনো ক্ষতি হয়নি এবং ভবিষ্যতেও হবে না। তার দলের কোনো নেতাকর্মী অন্যায় করলে তাকে দলে রাখা হবে না এবং দল থেকে বহিষ্কার করা হবে।

জনসভায় তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উদ্ধৃতি দিয়ে বলেন, “সবার আগে বাংলাদেশ। সবাই মিলে দেশ গড়তে হবে।” এ সময় তিনি নেতাকর্মীদের হাতে ধানের শীষ প্রতীক তুলে দিয়ে ভোটারদের সমর্থন চান। তিনি বলেন, জনগণের রায় পেলে তালা ও কলারোয়া এলাকার অবকাঠামো উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থানের জন্য কাজ করা হবে।

খলিলনগর ইউনিয়ন বিএনপির সভাপতি গাজী আছির উদ্দীনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাস্টার শাহাদাত হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত এই জনসভায় আরও বক্তব্য রাখেন তালা উপজেলা বিএনপির সাবেক সভাপতি মৃণাল কান্তি রায়, সাবেক সাধারণ সম্পাদক অধ্যক্ষ শেখ সফিকুল ইসলাম, সাবেক যুগ্ম সম্পাদক অধ্যাপক মোশারফ হোসেন, জালালপুর ইউপি চেয়ারম্যান এম মফিদুল হক লিটু, খেশরা উপজেলা যুবদলের আহ্বায়ক মীর্জা আতিয়ার রহমান এবং যুগ্ম আহ্বায়ক সাইদুর রহমান সাঈদ।

বক্তারা বলেন, তালা ও কলারোয়া উপজেলার সার্বিক উন্নয়নে সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিবের বিকল্প নেই। তারা বলেন, অতীতে তিনি এলাকার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন এবং আবারও নির্বাচিত হলে এই অঞ্চলের উন্নয়ন ত্বরান্বিত হবে।

সমাবেশে উপস্থিত নেতাকর্মীরা ধানের শীষ প্রতীকের পক্ষে স্লোগানে স্লোগানে মাঠ মুখরিত করে তোলেন। জনসভা শেষে নেতাকর্মীদের মধ্যে নির্বাচনী প্রচারণা আরও জোরদার করার আহ্বান জানানো হয়।

আকাশজমিন / আরআর


এ সম্পর্কিত আরো খবর