ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ২৭ Jul ২০২৬,  ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার রাজধানীতে ১৮ মন্ত্রী চলবেন এসকর্ট ছাড়া, বহাল থাকছে ৭ জনের সুবিধা সাতক্ষীরায় অপরিকল্পিত মৎস্য ঘের: পানিবন্দী হাজারও মানুষ, সড়ক-শিক্ষা প্রতিষ্ঠান প্লাবিত সাতক্ষীরার তিন হাসপাতালে হঠাৎ স্বাস্থ্যমন্ত্রী, অনুপস্থিত দুই চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থা অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট দল ঘোষণা, নেই নাহিদ-লিটন সেনা কর্মকর্তাদের পদোন্নতি হোক মেধা ও যোগ্যতায়: প্রধানমন্ত্রী হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, আক্রান্ত ১১৬০ জামায়াত জোট ছাড়ার গুঞ্জন নাকচ করল নেজামে ইসলাম চলনবিলে অবাধে ব্যবহার হচ্ছে নিষিদ্ধ চায়নাদুয়ারী জাল লক্ষ্মীপুরে উৎসবমুখর পরিবেশে ধারণ হলো ‘ইত্যাদি’র বিশেষ পর্ব

উচ্ছ্বসিত বিএনপি নেতাকর্মীরা

১৯ বছর পর রাজশাহীতে তারেক রহমান


  • আপলোড সময় : বৃহস্পতিবার ২৯ জানুয়ারী, ২০২৬ সময় : ৯:১৪ এএম

নির্বাচনি প্রচারণা ও রাজনৈতিক সফরের অংশ হিসেবে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) রাজশাহী ও নওগাঁ সফরে আসছেন। দীর্ঘদিন পর তার এই আগমনকে ঘিরে রাজশাহী বিভাগজুড়ে বিএনপির নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। সফর উপলক্ষে জনসভা ও পথসভাসহ নানা কর্মসূচি চূড়ান্ত করা হয়েছে।

রাজশাহীতে হাজী মোহাম্মদ মহসিন সরকারি বিদ্যালয় মাঠে, যা ঐতিহাসিক মাদ্রাসা মাঠ নামে পরিচিত, দুপুর সাড়ে ১২টায় জনসমাবেশে ভাষণ দেবেন তারেক রহমান। এই সমাবেশে রাজশাহী, নাটোর ও চাঁপাইনবাবগঞ্জ জেলার মোট ১৩টি নির্বাচনি এলাকার নেতাকর্মী ও সাধারণ মানুষের অংশগ্রহণের কথা রয়েছে। আয়োজকরা জানিয়েছেন, জনসভা সফল করতে মাঠ প্রস্তুতসহ সার্বিক প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

একই দিন বিকাল ৩টায় নওগাঁর এটিএম মাঠে জেলা বিএনপি আয়োজিত জনসভায় বক্তব্য দেবেন বিএনপির চেয়ারম্যান। নওগাঁয় ইতোমধ্যে মঞ্চ প্রস্তুত করা হয়েছে এবং নেতাকর্মীদের মাঝে ব্যাপক উচ্ছ্বাস লক্ষ্য করা যাচ্ছে। সমাবেশকে ঘিরে পোস্টার, ব্যানার ও প্রচারণায় সরগরম হয়ে উঠেছে পুরো এলাকা।

বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সৈয়দ শাহিন শওকত জানান, নির্বাচনি প্রচারণার অংশ হিসেবে তারেক রহমানের এই সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি বলেন, ‘২৯ জানুয়ারি বিএনপির চেয়ারম্যান রাজশাহীতে আসবেন। এরপর নওগাঁ ও বগুড়ায় যাবেন। তার আগমন উপলক্ষে নিরাপত্তাসহ আনুষঙ্গিক সব বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। তিনি প্রার্থীদের পরিচয় করিয়ে দেবেন এবং জনগণের মাঝে বিএনপির প্রতিশ্রুতি তুলে ধরবেন। আশা করছি সমাবেশগুলো সফলভাবে সম্পন্ন হবে।’

দলীয় সূত্রে জানা গেছে, দীর্ঘ ১৯ বছর পর রাজশাহী সফরে আসছেন তারেক রহমান। সর্বশেষ ২০০৬ সালে তিনি রাজশাহী জেলা স্টেডিয়ামে তৃণমূল বিএনপির এক কর্মশালায় অংশ নিয়েছিলেন। এত বছর পর দলের শীর্ষ নেতার আগমনকে কেন্দ্র করে রাজশাহীজুড়ে উৎসবের আমেজ তৈরি হয়েছে। বিভিন্ন এলাকায় সাজসজ্জা, তোরণ নির্মাণ এবং প্রচারণা কার্যক্রম জোরদার করা হয়েছে। স্থানীয় নেতাকর্মীরা তাকে বরণ করতে অধীর আগ্রহে অপেক্ষা করছেন।

রাজশাহীর জনসভা শেষে তারেক রহমান নওগাঁর কর্মসূচি সম্পন্ন করে বগুড়ার উদ্দেশে রওনা দেবেন। পথে দুপচাঁচিয়া ও কাহালুতে পথসভায় বক্তব্য দেওয়ার কথা রয়েছে। এরপর রাত ৮টায় বগুড়ার ঐতিহাসিক আলতাফুন্নেছা খেলার মাঠে নির্বাচনি জনসভায় বক্তব্য দেবেন তিনি। জনসভা শেষে সেখানেই তিনি রাত্রিযাপন করবেন।

বগুড়ায় অবস্থানকালে বিএনপির চেয়ারম্যান বাইতুর রহমান সেন্ট্রাল মসজিদ, দত্তবাড়ী শহিদ জিয়াউর রহমান শিশু হাসপাতাল এবং জেলা বিএনপির কার্যালয় পরিদর্শন করবেন। পরদিন ৩০ জানুয়ারি বগুড়া শহরের চারমাথা, বারপুর ও সাবগ্রামসহ বিভিন্ন এলাকায় গণসংযোগ ও পথসভায় বক্তব্য দেবেন। এদিন বগুড়া-৭ (গাবতলী-শাজাহানপুর) আসনেও পৃথক পথসভা করার কর্মসূচি রয়েছে।

পথসভা শেষে তিনি গাবতলীর বাগবাড়ী পিতৃভূমিতে যাবেন। ৩১ জানুয়ারি সকালে ঢাকা-রংপুর মহাসড়ক হয়ে রংপুরের উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে।


বাগমারা উপজেলা বিএনপির আহ্বায়ক ও রাজশাহী-৪ আসনের দলীয় সংসদ সদস্য প্রার্থী ডিএম জিয়াউর রহমান বলেন, দলের চেয়ারম্যানের আগমন উপলক্ষে সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। তিনি বলেন, ‘ভোট চাওয়ার পাশাপাশি জনসভা সফল করার লক্ষ্যে প্রচারণা চালাচ্ছি। আমরা আশা করছি উপজেলা থেকে অন্তত ১০ হাজার নেতাকর্মী নিয়ে রাজশাহীতে উপস্থিত হবো।’

রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মামুন উর রশিদ বলেন, জনসভা সফল করতে পাড়া-মহল্লায় সভা করা হচ্ছে। একই সঙ্গে ধানের শীষের পক্ষে ভোট প্রার্থনা চলছে। তিনি জানান, মহানগরের প্রতিটি ওয়ার্ড ও থানাকে সকাল ১১টার মধ্যে মাদ্রাসা মাঠে উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। মহানগর থেকে প্রায় ৫০ হাজার নেতাকর্মী অংশ নেবেন বলে আশা করা হচ্ছে।

সৈয়দ শাহিন শওকত আরও বলেন, রাজশাহী জেলা, মহানগর, নাটোর ও চাঁপাইনবাবগঞ্জ জেলা নিয়ে এই জনসভা অনুষ্ঠিত হবে। প্রতিটি জেলার সঙ্গে বৈঠক করে সময়সূচি চূড়ান্ত করা হয়েছে। চাঁপাইনবাবগঞ্জ ও নাটোর থেকে বাস, ট্রেন ও মাইক্রোবাসে করে নেতাকর্মীরা রাজশাহীতে আসবেন। রাজশাহী জেলার বিভিন্ন উপজেলা থেকেও নেতাকর্মীরা মিছিল নিয়ে সমাবেশস্থলে প্রবেশ করবেন। তিনি জানান, রাজশাহী বিভাগের ৩৯টি আসন বিএনপিকে উপহার দেওয়ার লক্ষ্য নিয়ে কাজ চলছে।

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের প্রার্থী হারুনুর রশিদ বলেন, তারেক রহমানের আগমনকে ঘিরে শুধু রাজশাহী নয়, চাঁপাইনবাবগঞ্জের নেতাকর্মীদের মধ্যেও ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। বিএনপির অঙ্গসংগঠন ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের মাঝেও নতুন করে প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে।

এদিকে তারেক রহমানের জনসভা ঘিরে পুলিশ ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। রাজশাহী মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার ও মুখপাত্র গাজিউর রহমান বলেন, তারেক রহমানের আগমন উপলক্ষে প্রয়োজনীয় সব নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। ইতোমধ্যে সাদা পোশাকে পুলিশ আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। সমাবেশস্থল ও আশপাশের এলাকায় বিপুলসংখ্যক পুলিশ সদস্য মোতায়েন থাকবে। শুধু মাঠেই ৫০০ পুলিশ সদস্য দায়িত্ব পালন করবেন, এর বাইরে অতিরিক্ত পুলিশও প্রস্তুত থাকবে।

আকাশজমিন / আরআর 


এ সম্পর্কিত আরো খবর