ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ২৭ Jul ২০২৬,  ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার রাজধানীতে ১৮ মন্ত্রী চলবেন এসকর্ট ছাড়া, বহাল থাকছে ৭ জনের সুবিধা সাতক্ষীরায় অপরিকল্পিত মৎস্য ঘের: পানিবন্দী হাজারও মানুষ, সড়ক-শিক্ষা প্রতিষ্ঠান প্লাবিত সাতক্ষীরার তিন হাসপাতালে হঠাৎ স্বাস্থ্যমন্ত্রী, অনুপস্থিত দুই চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থা অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট দল ঘোষণা, নেই নাহিদ-লিটন সেনা কর্মকর্তাদের পদোন্নতি হোক মেধা ও যোগ্যতায়: প্রধানমন্ত্রী হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, আক্রান্ত ১১৬০ জামায়াত জোট ছাড়ার গুঞ্জন নাকচ করল নেজামে ইসলাম চলনবিলে অবাধে ব্যবহার হচ্ছে নিষিদ্ধ চায়নাদুয়ারী জাল লক্ষ্মীপুরে উৎসবমুখর পরিবেশে ধারণ হলো ‘ইত্যাদি’র বিশেষ পর্ব

দুই দিনে ঢাকার ১৪ স্থানে জনসভা করবেন তারেক রহমান


  • আপলোড সময় : শনিবার ০৭ ফেব্রুয়ারী, ২০২৬ সময় : ৪:০৫ পিএম

ঢাকা সিটির উত্তর ও দক্ষিণে দুই দিনে মোট ১৪টি জনসভায় অংশ নেবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। আগামীকাল রোববার (৮ ফেব্রুয়ারি) ও পরদিন সোমবার (৯ ফেব্রুয়ারি) এসব জনসভায় তিনি বক্তব্য দেবেন। বিএনপি নেতারা জানিয়েছেন, জনসভাগুলোতে দলের ঘোষিত ইশতেহার, চলমান রাজনৈতিক পরিস্থিতি এবং আগামী দিনের বাংলাদেশ নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য দেবেন তারেক রহমান। জনসভাগুলো সফল করতে দলের নেতা-কর্মীদের প্রস্তুতি নিতে নির্দেশ দেওয়া হয়েছে।

আজ শনিবার দুপুরে রাজধানীর গুলশানে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই কর্মসূচির বিস্তারিত জানান নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র ও তারেক রহমানের উপদেষ্টা মাহদী আমিন। সংবাদ সম্মেলনে তিনি জানান, ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের গুরুত্বপূর্ণ সংসদীয় আসনগুলোতে ধারাবাহিক জনসভা করবেন তারেক রহমান।

সংবাদ সম্মেলনে জানানো হয়, আগামীকাল রোববার (৮ ফেব্রুয়ারি) তারেক রহমান ঢাকা মহানগর উত্তরের ছয়টি সংসদীয় আসনে জনসভায় অংশ নেবেন। ঢাকা-১৭ আসনে নিজ নির্বাচনী এলাকা ইসিবি চত্বরে বেলা দুইটায় প্রথম জনসভায় তিনি বক্তব্য দেবেন। এরপর ঢাকা-১৬ আসনে পল্লবী ২ নম্বর ওয়ার্ডের লাল মাঠে ২টা ৪০ মিনিটে, ঢাকা-১৫ আসনে মিরপুর-১০ গোলচত্বর সংলগ্ন সেনপাড়া আদর্শ সরকারি উচ্চবিদ্যালয়ে ৩টা ৩০ মিনিটে, ঢাকা-১৪ আসনে ন্যাশনাল বাংলা উচ্চবিদ্যালয় গেটে ৪টা ২০ মিনিটে, ঢাকা-১৩ আসনে শ্যামলী সিনেমা হলের পশ্চিম পাশে শ্যামলী ক্লাব মাঠে ৫টা ১০ মিনিটে এবং ঢাকা-১১ আসনে বাড্ডা সাতারকুলের সানভ্যালি মাঠে সন্ধ্যা ৬টায় জনসভায় বক্তব্য দেবেন তিনি।

পরদিন সোমবার (৯ ফেব্রুয়ারি) তারেক রহমান তাঁর নিজ নির্বাচনী এলাকা ও ঢাকা মহানগর দক্ষিণের সাতটি সংসদীয় আসনের মোট আটটি জনসভায় অংশ নেবেন। বেলা ১১টায় ঢাকা-১৭ আসনে বনানী কামাল আতাতুর্ক অ্যাভিনিউর খেলার মাঠে জনসভায় বক্তব্য দেবেন তিনি। এরপর ঢাকা-১০ আসনে কলাবাগান ক্রীড়া চক্র মাঠে দুপুর ১২টায়, ঢাকা-৮ আসনে পীরজঙ্গী মাজার রোডে বেলা ১টায়, ঢাকা-৯ আসনে মান্ডা তরুণ সংঘ মাঠে বেলা ২টায়, ঢাকা-৫ আসনে যাত্রাবাড়ী শহীদ ফারুক রোডে বেলা ৩টায়, ঢাকা-৪ আসনে জুরাইন-শ্যামগঞ্জ রোডে বিকেল ৪টায়, ঢাকা-৬ আসনে ধুপখোলা মাঠে বিকেল ৫টায় এবং ঢাকা-৭ আসনে লালবাগ বালুর মাঠে সন্ধ্যা ৬টায় জনসভায় বক্তব্য দেওয়ার কথা রয়েছে তাঁর।

বিএনপি নেতারা জানান, ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণে ধারাবাহিক এই জনসভাগুলোর মাধ্যমে ভোটারদের সঙ্গে সরাসরি যোগাযোগ বাড়ানো হবে। পাশাপাশি দলের ইশতেহার এবং আগামী দিনের রাজনৈতিক পরিকল্পনা জনগণের সামনে তুলে ধরা হবে। কর্মসূচিকে ঘিরে দলীয় নেতা-কর্মীদের মধ্যে ব্যাপক প্রস্তুতি লক্ষ্য করা গেছে।

আকাশজমিন / আরআর 


এ সম্পর্কিত আরো খবর