ঢাকা, বাংলাদেশ ।
  বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬,  ১৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

দুপুর ১২টা পর্যন্ত ৩২.৮৮ শতাংশ ভোট, কোনো কেন্দ্র বন্ধ হয়নি: ইসি


  • আপলোড সময় : বৃহস্পতিবার ১২ ফেব্রুয়ারী, ২০২৬ সময় : ২:১৫ পিএম

চলমান ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সারা দেশে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ চলছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। দুপুর ১২টা পর্যন্ত দেশের গড় ভোট পড়েছে ৩২.৮৮ শতাংশ। একই সঙ্গে কমিশন জানিয়েছে, এখন পর্যন্ত দেশের কোনো ভোটকেন্দ্রে ভোটগ্রহণ বন্ধ হয়নি।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবন থেকে এ তথ্য নিশ্চিত করেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ। তিনি বলেন, প্রাপ্ত তথ্যের ভিত্তিতে এ পর্যন্ত ভোটের হার সন্তোষজনক এবং ভোটারদের অংশগ্রহণ উল্লেখযোগ্য।

ইসি সচিব জানান, সারাদেশে মোট ৪২ হাজার ৬৫১টি ভোটকেন্দ্রের মধ্যে ৩২ হাজার ৭৮৯টি কেন্দ্রের তথ্য বিশ্লেষণ করে এ গড় হার নির্ধারণ করা হয়েছে। দুপুর ১২টা পর্যন্ত প্রাপ্ত কেন্দ্রভিত্তিক তথ্যানুযায়ী ৩২.৮৮ শতাংশ ভোট কাস্টিং হয়েছে। তবে বাকি কেন্দ্রগুলোর তথ্য যুক্ত হলে চূড়ান্ত হার কিছুটা বাড়তে বা কমতে পারে বলেও ইঙ্গিত দেন তিনি।

তিনি আরও জানান, গ্রামীণ জনপদে ভোটারদের উপস্থিতি শহরাঞ্চলের তুলনায় কিছুটা বেশি লক্ষ্য করা যাচ্ছে। সকাল থেকেই অনেক এলাকায় ভোটাররা লাইনে দাঁড়িয়ে শান্তিপূর্ণভাবে ভোট দিয়েছেন। নারী ভোটারদের উপস্থিতিও উল্লেখযোগ্য বলে জানিয়েছেন তিনি।

ভোটের সার্বিক পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করে আখতার আহমেদ বলেন, এখন পর্যন্ত দেশের কোনো প্রান্তেই ভোটগ্রহণ স্থগিত করার মতো পরিস্থিতি তৈরি হয়নি। কোনো কেন্দ্রেই ভোট বন্ধ হয়নি। কিছু কিছু স্থানে বিচ্ছিন্ন বিশৃঙ্খলার খবর পাওয়া গেলেও আইনশৃঙ্খলা বাহিনীর তাৎক্ষণিক তৎপরতায় পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আনা হয়েছে।

তিনি বলেন, বড় ধরনের কোনো নাশকতার আশঙ্কা নেই এবং ভোটাররা নিরাপদে তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন। আইনশৃঙ্খলা বাহিনী, প্রশাসন এবং নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা সমন্বিতভাবে দায়িত্ব পালন করছেন।

নির্বাচন কমিশন থেকে জানানো হয়েছে, মাঠ পর্যায়ে জেলা প্রশাসক, পুলিশ সুপার এবং রিটার্নিং কর্মকর্তাদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখা হচ্ছে। যেসব এলাকায় উত্তেজনার খবর পাওয়া যাচ্ছে, সেসব স্থানে অতিরিক্ত ফোর্স পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা হচ্ছে। নির্বাচন কমিশন পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে বলেও জানানো হয়।

ইসি সচিব আরও বলেন, ভোটগ্রহণের পুরো প্রক্রিয়া পর্যবেক্ষণে কমিশনের নিজস্ব মনিটরিং সেল কাজ করছে। প্রাপ্ত তথ্য নিয়মিতভাবে বিশ্লেষণ করা হচ্ছে এবং প্রয়োজন হলে তাৎক্ষণিক নির্দেশনা দেওয়া হচ্ছে। ভোটারদের নিরাপত্তা ও নির্বিঘ্ন পরিবেশ নিশ্চিত করতে প্রশাসন সতর্ক রয়েছে।

সকাল সাড়ে ৭টা থেকে শুরু হওয়া ভোটগ্রহণ বিকেল সাড়ে ৪টা পর্যন্ত চলবে। নির্বাচন কমিশনের প্রত্যাশা, দিনের দ্বিতীয় ভাগে ভোটার উপস্থিতি আরও বাড়বে এবং শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ সম্পন্ন হবে।


এ সম্পর্কিত আরো খবর