অনলাইন রিপোর্টার
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মোট ২৯৬টি আসনের গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। গেজেট অনুযায়ী, সংরক্ষিত নারী আসনের বণ্টন নিয়ে ইতোমধ্যে প্রাথমিক হিসাব-নিকাশ শুরু হয়েছে। কমিশনের হিসাবে, ৩৫টি সংরক্ষিত নারী আসন বিএনপি জোট এবং ১৩টি জামায়াত জোট পেতে পারে।
প্রকাশিত ফলাফলে দেখা গেছে, বিএনপি এককভাবে ২০৯টি আসন পেয়েছে। বাংলাদেশ জামায়াতে ইসলামী পেয়েছে ৬৮টি আসন। এ ছাড়া জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) পেয়েছে ৬টি আসন।
অন্যান্য দলের মধ্যে বাংলাদেশ খেলাফত মজলিস দুটি আসন পেয়েছে। ইসলামী আন্দোলন বাংলাদেশ পেয়েছে একটি আসন। গণঅধিকার পরিষদ একটি, বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি) একটি এবং গণসংহতি আন্দোলন একটি আসন পেয়েছে। পাশাপাশি খেলাফত মজলিস পেয়েছে একটি আসন। এ ছাড়া স্বতন্ত্র প্রার্থীরা পেয়েছেন সাতটি আসন।
সংসদীয় বিধান অনুযায়ী, একটি সংরক্ষিত নারী আসন পেতে হলে কোনো দল বা জোটের কমপক্ষে ছয়জন নির্বাচিত সংসদ সদস্য থাকতে হয়। সেই অনুপাতে দলগুলোর প্রাপ্ত সাধারণ আসনের সংখ্যার ভিত্তিতে সংরক্ষিত নারী আসন বণ্টন করা হয়।
জানা গেছে, ২৯৬টি আসনের গেজেট অনুযায়ী বিএনপি জোট মোট ২১১টি আসন পেয়েছে। জামায়াত জোট পেয়েছে ৭৪টি আসন এবং স্বতন্ত্র প্রার্থীরা পেয়েছেন সাতটি আসন। এই হিসাব অনুযায়ী সংরক্ষিত নারী আসনের বণ্টনে বিএনপি জোটের প্রাপ্তি বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে।
ইসি সূত্রে জানা যায়, বর্তমান সংসদ কাঠামো অনুযায়ী মোট ৫০টি সংরক্ষিত নারী আসন রয়েছে। সাধারণ আসনের অনুপাত অনুযায়ী দল ও জোটগুলোর মধ্যে এই আসনগুলো বণ্টন করা হবে। সেই হিসাবে বিএনপি জোট ৩৫টি এবং জামায়াত জোট ১৩টি সংরক্ষিত নারী আসন পেতে পারে বলে ধারণা করা হচ্ছে।
তবে স্বতন্ত্র প্রার্থীরাও যদি কোনো জোটে যুক্ত হন, তাহলে সংরক্ষিত নারী আসনের হিসাব পরিবর্তিত হতে পারে। কারণ জোটভুক্ত আসনের মোট সংখ্যা বাড়লে সংশ্লিষ্ট জোটের প্রাপ্ত সংরক্ষিত আসনের সংখ্যাও সমন্বয় হতে পারে।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, সংরক্ষিত নারী আসনের বণ্টন সংসদে দলীয় শক্তির ভারসাম্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বিশেষ করে সংখ্যাগরিষ্ঠতা নির্ধারণ ও সংসদীয় কমিটিগুলোর গঠন প্রক্রিয়ায় এই আসনগুলোর প্রভাব রয়েছে।
সব মিলিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনের বণ্টন এখন রাজনৈতিক মহলে আলোচনার বিষয় হয়ে উঠেছে। চূড়ান্ত তালিকা প্রকাশের পরই স্পষ্ট হবে কোন দল বা জোট ঠিক কতটি সংরক্ষিত নারী আসন পাচ্ছে।
আকাশজমিন / আরআর