অনলাইন রিপোর্টার
পবিত্র রমজান মাসের প্রথম দিন বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) থেকে নতুন সময়সূচি অনুযায়ী চলবে মেট্রোরেল। রোজাদার যাত্রীদের সুবিধা বিবেচনায় বিশেষ নির্দেশনা জারি করেছে মেট্রোরেল পরিচালনাকারী প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড। নির্দেশনায় বলা হয়েছে, ইফতারের সময় যাত্রীরা সর্বোচ্চ ২৫০ মিলিলিটার পানির বোতল সঙ্গে বহন করতে পারবেন। তবে প্ল্যাটফর্ম বা ট্রেনের ভেতরে অন্য কোনো খাবার গ্রহণ করা সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে।
প্রতিষ্ঠানটির পরিচালক (প্রশাসন) এ কে এম খায়রুল আলম স্বাক্ষরিত নির্দেশনায় জানানো হয়, রমজান মাসের অফিস সময়সূচির সঙ্গে সামঞ্জস্য রেখে প্রথম রোজা থেকে ঈদুল ফিতরের আগের দিন পর্যন্ত সাপ্তাহিক কর্মদিবসে নতুন নিয়মে মেট্রোরেল চলাচল করবে। এতে যাত্রীদের যাতায়াত নির্বিঘ্ন রাখতে সময়সূচিতে কিছু পরিবর্তন আনা হয়েছে।
নতুন সময়সূচি অনুযায়ী উত্তরা উত্তর থেকে মতিঝিল অভিমুখে প্রথম ট্রেন ছাড়বে সকাল সাড়ে ৬টায় এবং শেষ ট্রেন রাত সাড়ে ৯টায়। অন্যদিকে মতিঝিল থেকে উত্তরা উত্তর স্টেশনের উদ্দেশ্যে প্রথম ট্রেন ছাড়বে সকাল সোয়া ৭টায় এবং শেষ ট্রেন রাত ১০টা ১০ মিনিটে।
নির্দেশনায় আরও বলা হয়েছে, ২৫০ মিলিলিটার পানির বোতল বহন করা গেলেও পানি যেন কোথাও না পড়ে সে বিষয়ে যাত্রীদের সতর্ক থাকতে হবে। ব্যবহৃত বোতল অবশ্যই প্ল্যাটফর্ম, কনকোর্স বা প্রবেশ ও বাহির গেইটে রাখা ডাস্টবিনে ফেলতে হবে। পরিচ্ছন্নতা ও শৃঙ্খলা বজায় রাখতে সবাইকে সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে।
এছাড়া শনিবার, শুক্রবার ও অন্যান্য সরকারি ছুটির দিনের সময়সূচি অপরিবর্তিত থাকবে বলে জানানো হয়েছে।
উত্তরা উত্তর থেকে মতিঝিলগামী ট্রেনের হেডওয়ে সকাল সাড়ে ৬টা থেকে সকাল ৭টা ১০ মিনিট পর্যন্ত ২০ মিনিট, সকাল ৭টা ১১ মিনিট থেকে সকাল সাড়ে ৭টা পর্যন্ত ১০ মিনিট, সকাল ৭টা ৩১ মিনিট থেকে সকাল ৮টা ১০ মিনিট পর্যন্ত ৮ মিনিট, সকাল ৮টা ১১ মিনিট থেকে সকাল ৯টা ৫৩ মিনিট পর্যন্ত সাড়ে ৫ থেকে ৬ মিনিট, সকাল ৯টা ৫৪ মিনিট থেকে দুপুর ২টা ৫৬ মিনিট পর্যন্ত ৮ মিনিট, দুপুর ২টা ৫৭ মিনিট থেকে বিকাল ৫টা ৪১ মিনিট পর্যন্ত সাড়ে ৫ থেকে ৬ মিনিট, বিকাল ৫টা ৪২ মিনিট থেকে সন্ধ্যা ৬টা ১৩ মিনিট পর্যন্ত ৮ মিনিট, সন্ধ্যা ৬টা ১৪ মিনিট থেকে রাত ৯টা পর্যন্ত ১০ মিনিট এবং রাত ৯টা ১ মিনিট থেকে রাত সাড়ে ৯টা পর্যন্ত ১৫ মিনিট নির্ধারণ করা হয়েছে।
অন্যদিকে মতিঝিল থেকে উত্তরা উত্তরগামী ট্রেনের হেডওয়ে সকাল ৭টা ১৫ মিনিট থেকে সকাল সাড়ে ৭টা পর্যন্ত ১৫ মিনিট, সকাল ৭টা ৩১ মিনিট থেকে সকাল ৮টা পর্যন্ত ১০ মিনিট, সকাল ৮টা ১ মিনিট থেকে সকাল ৮টা ৪৮ মিনিট পর্যন্ত ৮ মিনিট, সকাল ৮টা ৪৯ মিনিট থেকে সকাল ১০টা ৩১ মিনিট পর্যন্ত সাড়ে ৫ থেকে ৬ মিনিট, সকাল ১০টা ৩২ মিনিট থেকে দুপুর ৩টা ৩৪ মিনিট পর্যন্ত ৮ মিনিট, দুপুর ৩টা ৩৫ মিনিট থেকে সন্ধ্যা ৬টা ২০ মিনিট পর্যন্ত সাড়ে ৫ থেকে ৬ মিনিট, সন্ধ্যা ৬টা ২১ মিনিট থেকে সন্ধ্যা ৬টা ৫২ মিনিট পর্যন্ত ৮ মিনিট, সন্ধ্যা ৬টা ৫৩ মিনিট থেকে রাত ৯টা ৪০ মিনিট পর্যন্ত ১০ মিনিট এবং রাত ৯টা ৪১ মিনিট থেকে রাত ১০টা ১০ মিনিট পর্যন্ত ১৫ মিনিট থাকবে।
কর্তৃপক্ষ জানিয়েছে, যাত্রীদের ধর্মীয় অনুভূতির প্রতি সম্মান দেখিয়েই এই সীমিত সুবিধা দেওয়া হয়েছে। তবে নিরাপত্তা, পরিচ্ছন্নতা ও শৃঙ্খলার স্বার্থে নির্ধারিত নিয়ম কঠোরভাবে অনুসরণ করতে হবে।
আকাশজমিন / আরআর