অনলাইন রিপোর্টার
মালদিভিয়ান এয়ারলাইন্স আগামী ১২ মার্চ থেকে ঢাকা-মালে-ঢাকা সরাসরি ফ্লাইট পুনরায় চালু করছে। এর আগে আজ (২৩ ফেব্রুয়ারি) মালদিভিয়ান এয়ারলাইন্স তাদের ঢাকা সিটি অফিসের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। নতুন সিটি অফিসের মাধ্যমে বাংলাদেশ এবং মালদ্ভীপের মধ্যে আকাশপথে যোগাযোগ আরও জোরদার হবে।
প্রাথমিক অবস্থায়, ঢাকা-মালে রুটে সপ্তাহে দুই দিন ফ্লাইট পরিচালিত হবে—রোববার ও বৃহস্পতিবার। রিটার্ন ভাড়া শুরু হচ্ছে ৩৯৯ মার্কিন ডলার (প্রায় ৪৭ হাজার ৮৮০ টাকা) থেকে। যাত্রীরা ৩০ কেজি ব্যাগেজ সুবিধা এবং খাবারের সুবিধা পাবেন।
সিটি অফিস উদ্বোধন অনুষ্ঠান গুলশান অ্যাভিনিউর তাজ ম্যারিয়ট ভবনে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মালদ্ভীপের ব্যবস্থাপনা পরিচালক এম ইব্রাহিম ইয়াস, গ্রাউন্ড অপারেশন পরিচালক আহমেদ ইব্রাহিম, জেনারেল ম্যানেজার (ইন্টারন্যাশনাল কমার্শিয়াল) মোহামেদ সাফাহ এবং বাংলাদেশের জেনারেল সেলস এজেন্ট (জিএসএ) গ্যালাক্সি বাংলাদেশ গ্রুপের প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা আহমেদ ইউসুফ ওয়ালিদ।
উদ্বোধনী অনুষ্ঠানে এম ইব্রাহিম ইয়াস বলেন, "ঢাকা-মালে রুট পুনরায় চালু করা আমাদের প্রবাসী বাংলাদেশি সম্প্রদায়ের সেবা দেওয়ার অঙ্গীকারের প্রতিফলন। এই রুট দ্বিপাক্ষিক সংযোগ আরও শক্তিশালী করবে। ঢাকা আমাদের জন্য গুরুত্বপূর্ণ বাজার। এই রুট পুনরায় চালু করা আমাদের প্রতিশ্রুতির বহিঃপ্রকাশ—যাতে বাংলাদেশি কর্মী এবং মালদ্ভীপের ভ্রমণকারীরা নির্ভরযোগ্য, সুবিধাজনক এবং সাশ্রয়ী ভ্রমণ সুবিধা পান।"
তিনি আরও বলেন, "আমরা বিশ্বাস করি, এই নতুন সেবা দুই দেশের দীর্ঘদিনের সম্পর্ককে আরও গভীর করবে। রমজান ও ঈদুল ফিতর উপলক্ষে যাত্রী চলাচল বৃদ্ধির সময়কে সামনে রেখেই এই সেবা চালু করা হয়েছে। এটি বিদেশগামী মালদ্ভীপের নাগরিক এবং দেশে ফেরা বাংলাদেশিদের জন্য অত্যন্ত সুবিধাজনক হবে।"
উদ্বোধনের পর মালদিভিয়ানের প্রতিনিধি দল সিভিল এভিয়েশন অথরিটি অব বাংলাদেশ (CAAB) এবং বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও’র সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।
বর্তমানে মালদিভিয়ানের বহরে রয়েছে ২৬টি উড়োজাহাজ। এর মধ্যে রয়েছে একটি ওয়াইড-বডি এয়ারবাস এ৩৩০, একটি ন্যারো-বডি এয়ারবাস এ৩২০, পাঁচটি এটিআর, আটটি ড্যাশ ৮ এবং এগারোটি ড্যাশ ৬ টুইন অটার বিমান। এসব বিমান দিয়ে দেশীয় ও আন্তর্জাতিক বিভিন্ন গন্তব্যে ফ্লাইট পরিচালনা করা হচ্ছে।
মালদিভিয়ান এয়ারলাইন্সের এই নতুন উদ্যোগ বাংলাদেশের ভ্রমণপ্রিয় নাগরিক এবং প্রবাসীদের জন্য সুবিধাজনক ভ্রমণ নিশ্চিত করবে। এর মাধ্যমে দুই দেশের ব্যবসায়িক, পর্যটন ও সাংস্কৃতিক সম্পর্ক আরও দৃঢ় হবে।
আকাশজমিন / আরআর