বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২৫-এর জন্য প্রস্তাবক কমিটির সুপারিশ এবং পুরস্কার কমিটির সিদ্ধান্তের ভিত্তিতে নির্বাহী পরিষদ চূড়ান্ত অনুমোদন দিয়েছে।
বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২৫ প্রাপ্তদের তালিকা প্রকাশ করা হয়েছে। কবিতায় মোহন রায়হান; কথাসাহিত্যে নাসিমা আনিস; প্রবন্ধ/গদ্যে সৈয়দ আজিজুল হক; শিশুসাহিত্যে হাসান হাফিজ; অনুবাদে আলী আহমদ; গবেষণায় মুস্তাফা মজিদ ও ইসরাইল খান; বিজ্ঞানে ফারসীম মান্নান মোহাম্মদী এবং মুক্তিযুদ্ধ বিষয়ে মঈদুল হাসান এ পুরস্কার পাচ্ছেন।
বাংলা একাডেমি জানিয়েছে, সাহিত্য ও গবেষণায় অবদানের স্বীকৃতি হিসেবে এ পুরস্কার প্রদান করা হয়। বিভিন্ন শাখায় গুরুত্বপূর্ণ অবদান রাখা লেখক ও গবেষকদের সম্মানিত করার মাধ্যমে বাংলা ভাষা ও সাহিত্যকে সমৃদ্ধ করার লক্ষ্যেই এই উদ্যোগ।
পুরস্কার প্রদানের অনুষ্ঠান অমর একুশে বইমেলার উদ্বোধনের দিন আয়োজিত হবে। ওই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে প্রধানমন্ত্রী তারেক রহমান বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেবেন।
সংশ্লিষ্টরা মনে করছেন, এ ধরনের স্বীকৃতি সাহিত্যচর্চায় নতুন প্রজন্মকে উৎসাহিত করবে এবং গবেষণা ও সৃজনশীল লেখালেখিতে আরও গুণগত অগ্রগতি আনবে।
বাংলা একাডেমি প্রতি বছর বিভিন্ন ক্যাটাগরিতে বিশিষ্ট ব্যক্তিদের সাহিত্য পুরস্কারে সম্মানিত করে থাকে। ২০২৫ সালের তালিকায় ৯ জনকে নির্বাচিত করা হয়েছে, যা সাহিত্য অঙ্গনে গুরুত্বপূর্ণ একটি স্বীকৃতি হিসেবে বিবেচিত হচ্ছে।
আকাশজমিন / আরআর