আগামী ২৫ ফেব্রুয়ারি থেকে বাংলাদেশিদের জন্য শুধুমাত্র ই-ভিসা ইস্যু করবে যুক্তরাজ্য। ভিসা প্রক্রিয়াকে আরও ডিজিটাল ও সহজ করার অংশ হিসেবে এ সিদ্ধান্ত কার্যকর হচ্ছে বলে জানিয়েছে ঢাকার ব্রিটিশ হাইকমিশন।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) এক বার্তায় এ তথ্য জানানো হয়। বার্তায় উল্লেখ করা হয়, ভিসা ইস্যু হওয়ার পর আবেদনকারীকে পাসপোর্টের তথ্য ই-ভিসা সিস্টেমে সংযুক্ত করতে হবে এবং UKVI অ্যাকাউন্ট তৈরি করে ভিসার তথ্য যাচাই করতে হবে। যুক্তরাজ্যে ভ্রমণের আগে এসব তথ্য নিশ্চিত করা বাধ্যতামূলক।
ব্রিটিশ কর্তৃপক্ষ জানায়, ই-ভিসা ব্যবস্থা চালু হওয়ার ফলে কাগজভিত্তিক ভিসার পরিবর্তে ডিজিটাল প্ল্যাটফর্মে ভিসা সংরক্ষণ ও যাচাই করা যাবে। আবেদনকারীকে ভ্রমণের পূর্বে UKVI অ্যাকাউন্টে লগইন করে তথ্য হালনাগাদ করতে হবে। তথ্য সঠিকভাবে যুক্ত না হলে ভ্রমণে সমস্যা হতে পারে।
বার্তায় আরও বলা হয়, UKVI সেবা পেতে কোনো অতিরিক্ত অর্থ প্রদান করতে হবে না। এটি সম্পূর্ণ বিনামূল্যে পরিচালিত একটি সেবা। আবেদনকারীদের সতর্ক করে বলা হয়েছে, ভিসা সংক্রান্ত যেকোনো তথ্য যাচাই করতে শুধুমাত্র সরকারি ওয়েবসাইট ও নির্ভরযোগ্য সূত্র অনুসরণ করতে হবে।
যুক্তরাজ্য সরকার জানিয়েছে, ডিজিটাল ভিসা ব্যবস্থার মাধ্যমে ভ্রমণ প্রক্রিয়া আরও স্বচ্ছ ও নিরাপদ হবে। পাশাপাশি কাগজপত্র হারিয়ে যাওয়ার ঝুঁকি কমবে এবং ভিসা যাচাই প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করা সম্ভব হবে।
ই-ভিসা সম্পর্কিত বিস্তারিত তথ্য জানা যাবে যুক্তরাজ্য সরকারের অফিসিয়াল ওয়েবসাইট www.gov.uk/eVisa এ। সংশ্লিষ্টরা মনে করছেন, নতুন এ ব্যবস্থা বাংলাদেশি ভ্রমণকারী ও শিক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ পরিবর্তন নিয়ে আসবে।
এ সিদ্ধান্তের ফলে আগামী ২৫ ফেব্রুয়ারির পর থেকে যুক্তরাজ্য ভ্রমণকারীদের ডিজিটাল ভিসা ব্যবস্থার নিয়ম অনুসরণ করেই ভ্রমণ করতে হবে। কর্তৃপক্ষ প্রয়োজনীয় প্রস্তুতি নিয়ে সময়মতো অ্যাকাউন্ট সক্রিয় করার পরামর্শ দিয়েছে।
আকাশজমিন / আরআর