স্টাফ রিপোর্টার:
রবিবার (৮ মার্চ) সচিবালয়ে প্রধানমন্ত্রীর জনপ্রশাসন উপদেষ্টা (মন্ত্রী পদমর্যাদা) মোঃ ইসমাইল জবিউল্লাহর সাথে জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা (জাইকা)-এর পাঁচ সদস্যের প্রতিনিধিদল সাক্ষাৎ করেছেন। উপদেষ্টার অফিস কক্ষে অনুষ্ঠিত এ বৈঠকে দুই দেশের সহযোগিতা ও চলমান উন্নয়ন প্রকল্প নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সাক্ষাতের শুরুতে উপদেষ্টা মোঃ ইসমাইল জবিউল্লাহ বাংলাদেশের বৃহত্তম উন্নয়ন সহযোগী হিসেবে জাইকা প্রতিনিধিদলকে ধন্যবাদ জানান। তিনি বলেন, সরকার তার ১৮০ দিনের পরিকল্পনার মধ্যে মানবসম্পদ ও প্রশাসনিক দক্ষতা বৃদ্ধিতে জোর দিচ্ছে এবং অতীতের মতো আগামীদিনেও জাপান বাংলাদেশের বৃহত্তম উন্নয়ন অংশীদার হিসেবে পাশে থাকবে বলে বিশ্বাস করেন।
জাইকা প্রতিনিধি দলের প্রধান Mr. Tomohide Ichiguchi বলেন, জাপান অবকাঠামো উন্নয়নের পাশাপাশি বাংলাদেশে কর্মসংস্থান সৃষ্টিতে আগ্রহী। এছাড়া মানবসম্পদ উন্নয়নে জাইকা সরকারকে সহায়তা করতে প্রস্তুত এবং এ জন্য বাংলাদেশের সহযোগিতা কামনা করেন।
উপদেষ্টা বলেন, প্রশাসন ক্যাডারের কর্মকর্তাদের ক্যারিয়ার প্ল্যানিং ও দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে দেশ-বিদেশে প্রশিক্ষণ কর্মসূচি বাস্তবায়নের পরিকল্পনা চলছে। এটি কর্মকর্তাদের কর্মদক্ষতা বহু গুণ বৃদ্ধি করবে।
প্রতিনিধিদল উপদেষ্টাকে বাংলাদেশের চলমান জাইকা প্রকল্পের অগ্রগতি সম্পর্কে অবহিত করে। বৈঠকে দুই পক্ষ বাংলাদেশের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়ন, প্রজেক্ট বাস্তবায়ন এবং ভবিষ্যতের পরিকল্পনা নিয়ে আলোচনায় গুরুত্বারোপ করে।
উপদেষ্টা বলেন, জাপানের সাথে বাংলাদেশের সম্পর্ক উজ্জ্বল ও স্থায়ী। বাংলাদেশ একটি অর্থনৈতিকভাবে টেকসই দেশ হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার যাত্রায় জাপান সব ধরনের সহায়তা করবে বলে আশা প্রকাশ করেন। সাক্ষাৎ শেষে দুই পক্ষ বাংলাদেশের উন্নয়ন প্রক্রিয়া ও মানুষের জীবনমান উন্নয়নে সহযোগিতা অব্যাহত রাখার প্রতিশ্রুতি দেন।