শামা ওবায়েদ বলেন, “নতুন সরকারের সঙ্গে সম্পর্ক রাখতে ভারত আগ্রহী। তারা আমাদের বলেছে ভিসা স্বাভাবিক হবে। আমার মতে, ভিসানীতি আগের অবস্থায় ফিরে আসা উচিত।”
মানবপাচার বন্ধ এবং বৈধভাবে বিদেশে যাত্রার বিষয়েও প্রতিমন্ত্রী মন্তব্য করেন। তিনি বলেন, “সব দেশেই আমাদের মানুষ লিগ্যালভাবে যাক, এটাই আমরা চাই। তবে অসাধু লোকেরা মানবপাচারের সুযোগ নিচ্ছে, এ সমস্যা মোকাবিলা করতে হবে।”
রাশিয়ার ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা থাকায় দেশটির কাছ থেকে তেল আমদানির ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের অনুমতি প্রয়োজন, উল্লেখ করেন প্রতিমন্ত্রী। তিনি বলেন, “জ্বালানি মন্ত্রণালয় চাইলে আমরা এই ক্ষেত্রে সহায়তা করব। যুদ্ধের কারণে কিছু উৎস থেকে তেল আমদানিতে বাধা আসছে, তাই বিকল্প উৎস খোঁজা হচ্ছে।”
পররাষ্ট্র প্রতিমন্ত্রী আরও জানান, দেশে বর্তমানে পর্যাপ্ত জ্বালানি তেলের মজুত রয়েছে এবং এটি আরও বাড়ানোর চেষ্টা চলছে। আগামী মাসে ভারত ও সৌদি আরব থেকে তেল আসবে। এছাড়া মালয়েশিয়া ও ইন্দোনেশিয়া থেকেও তেল আসার কথা রয়েছে। “যেখান থেকেই সুযোগ পাওয়া যাবে, সেখান থেকেই জ্বালানি সংগ্রহের চেষ্টা চলছে,” বলেন তিনি।