রোববার (৫ এপ্রিল) বিকেলে জাতীয় সংসদের অধিবেশন সাউন্ড সিস্টেমের বিভ্রাটের কারণে ৪০ মিনিট মুলতবি করা হয়েছে। সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বিকেল ৫টা ৫৬ মিনিটে অধিবেশন মুলতবি ঘোষণা করেন। তিনি এ সময় অধিবেশনে সভাপতিত্ব করেন।
স্পিকার জানান, আবারও স্পিকারের মাইক কাজ করছে না। তাই প্রথম ২০ মিনিট নামাজের জন্য এবং পরবর্তী ২০ মিনিট মাইকের সমস্যার কারণে অধিবেশন স্থগিত রাখা হয়েছে।
এর আগে গত ১২ মার্চ জাতীয় সংসদের উদ্বোধনী দিনে সাউন্ড সিস্টেমে বিপত্তি ঘটে। ওই ঘটনায় দীর্ঘ সময় সংসদ কাজ থেমে যায়। পরে বিকল্প সাউন্ড সিস্টেমের মাধ্যমে অধিবেশন চালু হলেও সমস্যা এখনো পুরোপুরি সমাধান হয়নি।
সাউন্ড সিস্টেমে এই ধরনের ত্রুটি নাশকতার কারণে হয়েছে কি না তা তদন্তের জন্য সংসদের সার্জেন্ট-এ্যাট-আর্মসকে প্রধান করে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটি সমস্যার প্রকৃত কারণ ও ভবিষ্যতে এ ধরনের বিপত্তি এড়ানোর সুপারিশ করতে কাজ করবে।
সংসদের এই ঘটনার কারণে সংসদ সদস্যদের বক্তৃতা, বিল আলোচনা ও অন্যান্য কার্যক্রমও বিলম্বিত হচ্ছে। এ ধরনের পুনরাবৃত্তি সংসদের কার্যক্রমে বাধা সৃষ্টি করছে এবং আইন প্রণয়ন প্রক্রিয়ায় প্রভাব ফেলছে।
সংসদ সচিবালয় সূত্র জানিয়েছে, সাউন্ড সিস্টেমের সমস্যার কারণে স্পিকার ও সদস্যদের বক্তব্য পুরোপুরি শ্রবণযোগ্য হচ্ছে না। তাই বৈধভাবে অধিবেশন চালাতে নির্দিষ্ট সময় মুলতবি করা হয়েছে।
পাশাপাশি সংসদের প্রশাসন জানিয়েছে, সমস্যাটি দ্রুত সমাধান করার জন্য প্রযুক্তিগত দল কাজ করছে। তবে এই ধরনের প্রযুক্তিগত ব্যর্থতা পুনরায় ঘটতে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে।
আকাশজমিন / আরআর