ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম

ধর্মকে পুঁজি করে বিভাজন তৈরির সুযোগ নেই: মির্জা ফখরুল


  • আপলোড সময় : রবিবার ০৫ এপ্রিল, ২০২৬ সময় : ৭:২৪ পিএম

অনলাইন রিপোর্টার

দেশের সার্বিক অগ্রযাত্রায় ধর্মকে পুঁজি করে কোনো বিভাজন সৃষ্টি করার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রবিবার রাজধানীর ভাটারায় খ্রিস্টান ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব ‘ইস্টার সানডে’ উপলক্ষে আয়োজিত এক শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, “দেশে কিছু রাজনৈতিক শক্তি ধর্মকে ব্যবহার করে স্বার্থসিদ্ধির রাজনীতি করতে চায়। তবে বাংলাদেশের হাজার বছরের সামাজিক ও সাংস্কৃতিক প্রেক্ষাপটে ধর্মকে সামনে রেখে বিভাজন তৈরির কোনো সুযোগ নেই। আমরা এই ভূখণ্ডে হাজার বছরের ভ্রাতৃত্ব ও সৌহার্দ্যের মধ্যে শান্তিতে বসবাস করছি। ধর্মবিশ্বাস মানুষের ব্যক্তিগত বিষয়, এটিকে আমরা রাষ্ট্রের প্রশাসনিক কাঠামোর মধ্যে নিতে চাই না। আমরা চাই আমাদের দেশকে অসাম্প্রদায়িক রাষ্ট্র হিসেবে বিশ্বে প্রতিষ্ঠিত করতে।”

তিনি আরও বলেন, “কিছু অশুভ রাজনৈতিক শক্তি আমাদের মধ্যে বিভাজন সৃষ্টি করার চেষ্টা করছে। কেউ কেউ মহান মুক্তিযুদ্ধকেও অস্বীকার করতে চায়, যা অত্যন্ত দুঃখজনক। আমাদের উচিত এই বৈচিত্র্যের মধ্যে পারস্পরিক ভ্রাতৃত্ব ও সৌহার্দ্য আরও বৃদ্ধি করা।”

মির্জা ফখরুল দেশের চলমান অনাকাঙ্ক্ষিত জ্বালানি সংকটকেও উল্লেখ করেন। তিনি বলেন, “বৈশ্বিক জটিল পরিস্থিতির কারণে সৃষ্ট এই সংকটের মধ্যেও বর্তমান সরকার দ্রুত দেশের বাইরে থেকে জ্বালানি আমদানির সর্বাত্মক চেষ্টা চালাচ্ছে। সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী বারবার দেশবাসীকে আশ্বস্ত করছেন যে পর্যাপ্ত তেল মজুত আছে। তারপরও কিছু মানুষ আতঙ্কিত হয়ে বারবার তেল সংগ্রহ করছে, যা কৃত্রিম সংকট তৈরি করছে। কোনো গুজবের প্রভাব মেনে চলা যাবে না।”

মন্ত্রী রাজনৈতিক প্রেক্ষাপটও টেনে বলেন, “বিএনপি তারেক রহমানের সুদূরপ্রসারী নেতৃত্বে দেশের জনগণের অকুণ্ঠ সমর্থনে সরকার গঠন করেছে। আমরা আমাদের জনগণের প্রতি কৃতজ্ঞ। সত্য ও ন্যায়ের পথে দেশকে আলোর দিকে এগিয়ে নিয়ে যেতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।”

তিনি অনুষ্ঠানে সবাইকে শান্তি ও সহমর্মিতার আহ্বান জানান এবং বলেন, “ধর্মকে পুঁজি করে কোনো স্বার্থসিদ্ধি করা যাবে না। দেশের সার্বিক অগ্রযাত্রা বজায় রাখতে আমাদের ভ্রাতৃত্ব, সৌহার্দ্য এবং একতা বজায় রাখতে হবে। আমাদের উচিত বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে পারস্পরিক সম্মান ও সহমর্মিতা বজায় রাখা।”

উল্লেখ্য, মন্ত্রী এই অনুষ্ঠানে দেশের সকল সম্প্রদায়ের প্রতি সমতার আহ্বান জানান এবং আশ্বস্ত করেন যে বর্তমান সরকার দেশের উন্নয়ন ও সার্বিক অগ্রযাত্রাকে অব্যাহত রাখতে প্রতিশ্রুতিবদ্ধ।

আকাশজমিন / আরআর 


এ সম্পর্কিত আরো খবর