অনলাইন রিপোর্টার
বাংলাদেশিদের জন্য ভিসা এবং কনস্যুলার সেবা সংক্রান্ত সতর্কবার্তা জারি করেছে ১৩টি দেশ। দেশগুলো হলো- অস্ট্রেলিয়া, কানাডা, ডেনমার্ক, ফ্রান্স, জার্মানি, হাঙ্গেরি, ইতালি, নেদারল্যান্ডস, নরওয়ে, স্পেন, সুইডেন, সুইজারল্যান্ড ও যুক্তরাজ্য। এই সতর্কবার্তা ভিসা, পারমিট বা অন্যান্য কনস্যুলার সেবা পেতে ইচ্ছুক বাংলাদেশি নাগরিকদের জন্য জার্মান দূতাবাসের ফেসবুক পেইজে প্রকাশ করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সব আবেদনকারীকে সরকারি ও আনুষ্ঠানিক প্রক্রিয়া অনুসরণের জন্য বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে। যেকোনো অননুমোদিত ব্যক্তি বা প্রতিষ্ঠানের মাধ্যমে আবেদন করার ক্ষেত্রে সমস্যা হতে পারে। লাইসেন্সবিহীন বা অবিশ্বস্ত এজেন্টের শরণাপন্ন না হওয়ার জন্যও বলা হয়েছে। অননুমোদিত ব্যক্তির সঙ্গে অর্থ লেনদেনের ফলে আবেদন বিলম্বিত হতে পারে, আর্থিক ক্ষতির সম্মুখীন হতে পারেন এবং সীমান্তে প্রবেশে বাধা বা গুরুতর আইনি জটিলতার সম্মুখীন হতে পারেন।
সতর্কবার্তায় আরও বলা হয়েছে, কোনো দেশের মিশন বা দূতাবাসই কোনো মধ্যস্থতাকারী এজেন্টের সঙ্গে সম্পৃক্ত নয়। যারা ভিসা প্রক্রিয়ায় বিশেষ সুবিধা বা প্রভাব খাটানোর দাবি করে, তাদের ওপর নির্ভর না করার পরামর্শ দেওয়া হয়েছে। মধ্যস্বত্বভোগীদের এড়িয়ে চলা আবশ্যক।
অভিযোগ বা সমস্যা এড়াতে আবেদনকারীদের শুধুমাত্র নির্ভরযোগ্য তথ্যের ওপর আস্থা রাখতে বলা হয়েছে। সংশ্লিষ্ট দেশের সরকারি ওয়েবসাইট এবং দাপ্তরিক মাধ্যমে প্রাপ্ত তথ্য যাচাই করে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করার পরামর্শ দেওয়া হয়েছে। এতে করে স্বচ্ছ এবং ন্যায়সংগত প্রক্রিয়া বজায় রাখা সম্ভব হবে।
সতর্কবার্তা জারি করা দেশের দূতাবাসগুলোর বক্তব্য অনুযায়ী, ভিসা প্রক্রিয়ায় জটিলতা এড়াতে নাগরিকদের স্বাভাবিক সরকারি প্রক্রিয়া মেনে চলা প্রয়োজন। অননুমোদিত উৎস থেকে কোনো ধরনের সুবিধা বা দ্রুত সেবা পাওয়ার চেষ্টা আইনগত ঝুঁকি সৃষ্টি করতে পারে।
বাংলাদেশে ভিসা এবং কনস্যুলার সেবার ক্ষেত্রে এই সতর্কবার্তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। সরকারি নির্দেশনা অনুসরণের মাধ্যমে আবেদনকারীরা নিরাপদ ও সময়মতো সেবা পেতে পারবেন। এছাড়া, যেকোনো ধরণের প্রতারণা বা জাল নথি ব্যবহার থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে।
এ ধরনের সতর্কবার্তা প্রমাণ করে, আন্তর্জাতিক পর্যায়ে আবেদন প্রক্রিয়ার স্বচ্ছতা ও নিরাপত্তা নিশ্চিত করার জন্য দেশে এবং বিদেশে একযোগে পদক্ষেপ নেওয়া হচ্ছে। নাগরিকদের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ নির্দেশিকা হিসেবে কাজ করবে।
আকাশজমিন / আরআর