বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা বলেছেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে সম্পর্ক দিন দিন স্বাভাবিক ও আরও শক্তিশালী হচ্ছে। দুই দেশের মধ্যে বিদ্যমান আবেগ, সংস্কৃতি ও ঐতিহাসিক সম্পর্ক ধরে রাখতে উভয় পক্ষই কাজ করছে বলে জানান তিনি।
সোমবার (১৩ এপ্রিল) দুপুরে জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ ও ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
প্রণয় ভার্মা বলেন, দুই দেশের মধ্যে পারস্পরিক বোঝাপড়া ও আস্থার সম্পর্ক এখন আরও শক্তিশালী হয়েছে। বাংলাদেশ ও ভারতের সম্পর্ক শুধু কূটনৈতিক বা রাজনৈতিক পর্যায়েই সীমাবদ্ধ নয়, বরং এনার্জি, যোগাযোগ, বাণিজ্য, সংস্কৃতি ও জনগণের পারস্পরিক সম্পর্কসহ বিভিন্ন ক্ষেত্রে গভীরভাবে জড়িত।
তিনি আরও বলেন, দুই দেশের জনগণ একই ইতিহাস, ঐতিহ্য ও সাংস্কৃতিক মূল্যবোধ ধারণ করে। এই অভিন্নতা দুই দেশের সম্পর্ককে আরও ঘনিষ্ঠ করেছে। এ কারণেই দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও গতিশীল ও ফলপ্রসূ করার জন্য নিয়মিতভাবে বিভিন্ন পর্যায়ে যোগাযোগ ও আলোচনার গুরুত্ব বাড়ছে।
ভারতীয় হাইকমিশনার জানান, যেসব ক্ষেত্রে কাজ করলে দুই দেশের জনগণ সরাসরি উপকৃত হবে, সেসব ক্ষেত্রকে অগ্রাধিকার দিয়ে পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে কাজ এগিয়ে নেওয়া হবে। বিশেষ করে অবকাঠামো উন্নয়ন, জ্বালানি খাত, যোগাযোগ ব্যবস্থা ও সাংস্কৃতিক বিনিময়ের ক্ষেত্রে সহযোগিতা আরও জোরদার করার বিষয়ে আলোচনা চলছে।
তিনি বলেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে সংসদীয় পর্যায়ে নিয়মিত যোগাযোগ ও কার্যক্রম বিনিময় অব্যাহত রাখার বিষয়েও আলোচনা হয়েছে। এতে দুই দেশের আইন প্রণয়ন প্রক্রিয়া ও গণতান্ত্রিক চর্চা আরও সমৃদ্ধ হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
প্রণয় ভার্মা আরও উল্লেখ করেন, আঞ্চলিক স্থিতিশীলতা, উন্নয়ন ও পারস্পরিক স্বার্থ সংরক্ষণে দুই দেশের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভবিষ্যতে এই সম্পর্ক আরও গভীর ও বহুমাত্রিক হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক সময়ে দুই দেশের মধ্যে উচ্চপর্যায়ের যোগাযোগ ও আলোচনার ধারাবাহিকতা দ্বিপাক্ষিক সম্পর্ককে নতুন মাত্রা দিচ্ছে। বিশেষ করে অর্থনীতি, বাণিজ্য ও আঞ্চলিক নিরাপত্তা ইস্যুতে সহযোগিতা বৃদ্ধি পাচ্ছে।
সাক্ষাৎ শেষে হাইকমিশনার বলেন, দুই দেশের সম্পর্ক শুধু সরকারিভাবে নয়, জনগণের পর্যায়েও আরও শক্তিশালী করতে হবে। জনগণের অংশগ্রহণই ভবিষ্যৎ সম্পর্ককে টেকসই করবে।
আকাশজমিন / আরআর