বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারে ব্যাপক প্রশাসনিক রদবদল এনেছে সরকার। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের একাধিক প্রজ্ঞাপনের মাধ্যমে বিভিন্ন সরকারি কলেজ, শিক্ষা বোর্ড ও অধিদপ্তরের গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তাদের বদলি, পদায়ন এবং ওএসডি করা হয়েছে। এতে একাধিক জ্যেষ্ঠ কর্মকর্তা নতুন দায়িত্ব পেয়েছেন, আবার কয়েকজনকে ওএসডি (অফিসার অন স্পেশাল ডিউটি) করে সংযুক্ত করা হয়েছে বিভিন্ন প্রতিষ্ঠানে।
সোমবার মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সরকারি কলেজ-২ শাখার উপসচিব তানিয়া ফেরদৌসের স্বাক্ষরিত পৃথক প্রজ্ঞাপন থেকে এসব তথ্য জানা গেছে।
প্রজ্ঞাপন অনুযায়ী, অধ্যাপক মোহাম্মদ জহিরুল হক স্বপন, যিনি ওএসডি হিসেবে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরে কর্মরত ছিলেন (ইনসিটু কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ), তাঁকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড, চট্টগ্রামের সচিব হিসেবে পদায়ন করা হয়েছে। অন্যদিকে চট্টগ্রাম শিক্ষাবোর্ডের সচিব ড. এ. কে. এম. সামছু উদ্দিন আজাদকে চট্টগ্রাম সরকারি কলেজে অধ্যাপক (রসায়ন) হিসেবে বদলি করা হয়েছে।
সহকারী অধ্যাপক আবু মুসা মো. তারেককে সিলেট সরকারি আলিয়া মাদরাসা থেকে সিলেট শিক্ষাবোর্ডে বিদ্যালয় পরিদর্শক পদে পদায়ন করা হয়েছে। একইভাবে সহযোগী অধ্যাপক মোহাম্মদ মঈনুল ইসলামকে সিলেট শিক্ষাবোর্ডের বিদ্যালয় পরিদর্শকের দায়িত্ব থেকে সরিয়ে ওএসডি করে হবিগঞ্জের বৃন্দাবন সরকারি কলেজে সংযুক্ত করা হয়েছে।
বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজের অধ্যাপক মো. আনোয়ার হোসেনকে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের পরিচালক (প্রশিক্ষণ) পদে নিয়োগ দেওয়া হয়েছে। পাশাপাশি পরিচালক (কলেজ ও প্রশাসন) পদে কর্মরত বি. এম. আব্দুল হান্নানকে ওএসডি করে সরকারি তিতুমীর কলেজে সংযুক্ত করা হয়েছে। ফরিদপুরের মধুখালীর সরকারি আইনউদ্দিন কলেজের অধ্যাপক মো. নাজমুল হককে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের পরিচালক (কলেজ ও প্রশাসন) হিসেবে পদায়ন করা হয়েছে।
এছাড়া এনটিআরসিএতে উপপরিচালক হিসেবে দায়িত্ব পালন করা অধ্যাপক দীনা পারভিনকে ওএসডি করে মাউশি অধিদপ্তরে সংযুক্ত করা হয়েছে (পিআরএল সুবিধার্থে)।
অন্য প্রজ্ঞাপনে অধ্যাপক মো. জাফর আহম্মদকে ওএসডি রেখে সরকারি তিতুমীর কলেজে সংযুক্ত করা হয়েছে। সহযোগী অধ্যাপক মোসাম্মৎ কামরুন নাহারকে হাজারীবাগ সরকারি কলেজ থেকে ঢাকা কলেজে বদলি করা হয়েছে। মাদারীপুর সরকারি কলেজের অধ্যাপক গৌর কুমার চৌধুরীকে খুলনার সরকারি ব্রজলাল কলেজে স্থানান্তর করা হয়েছে।
গবেষণা কর্মকর্তা হিসেবে কর্মরত সহযোগী অধ্যাপক মোছা. আয়শা সিদ্দিকা মৌসুমীকে ওএসডি করে ঢাকা উদ্যান সরকারি কলেজে সংযুক্ত করা হয়েছে। একইভাবে অধ্যাপক আবু মোহাম্মদ রেজাউল হাসানকে ওএসডি রেখে সবুজবাগ সরকারি মহাবিদ্যালয়ে সংযুক্ত করা হয়েছে।
আরেক প্রজ্ঞাপনে অধ্যাপক মো. বোরহান উদ্দীনকে দিনাজপুর শিক্ষাবোর্ডে পরীক্ষা নিয়ন্ত্রক হিসেবে পদায়ন করা হয়েছে। টাঙ্গাইলের সা’দত সরকারি কলেজের সহযোগী অধ্যাপক শামীম আল মামুনকে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের উপপরিচালক (প্রশিক্ষণ) করা হয়েছে। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের সদস্য (প্রেষণ) ড. রিয়াদ চৌধুরীকে ওএসডি করে কুমিল্লা সরকারি কলেজে সংযুক্ত করা হয়েছে।
অধ্যাপক মো. কামরুজ্জামানকে ওএসডি রেখে বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজে সংযুক্ত করা হয়েছে। সোনাগাজী সরকারি কলেজের সহযোগী অধ্যাপক খন্দকার জাহিদুল হককে কবি নজরুল সরকারি কলেজ, ঢাকায় বদলি করা হয়েছে। অধ্যাপক রাবেয়া মোমেনকেও ওএসডি রেখে একই কলেজে সংযুক্ত করা হয়েছে।
শিক্ষা প্রশাসনের সংশ্লিষ্টরা মনে করছেন, এ ধরনের বড় রদবদলে সাময়িক প্রশাসনিক চাপ তৈরি হলেও দীর্ঘমেয়াদে শিক্ষা ব্যবস্থাপনায় গতি আনার চেষ্টা করা হচ্ছে।