সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর সিএন্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৮ এপ্রিল) সকালে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন অ্যাসোসিয়েশনের সভাপতি মোঃ আবু হাসান।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব আব্দুর রউফ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা চেম্বার অব কমার্সের সভাপতি নাসিম ফারুক খান মিঠু এবং ভোমরা স্থলবন্দর সিএন্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি মোঃ হাবিবুর রহমান হাবিব।
সভাটি সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মোঃ আবু মুসা। সভায় সংগঠনের সার্বিক কার্যক্রম, বন্দর ব্যবস্থাপনা, ব্যবসায়িক কার্যক্রমের অগ্রগতি এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সভায় বক্তারা ভোমরা স্থলবন্দরের কার্যক্রম আরও গতিশীল ও স্বচ্ছ করার ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, দেশের অর্থনৈতিক উন্নয়নে স্থলবন্দর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তাই বন্দরকে কেন্দ্র করে সিএন্ডএফ কার্যক্রম আরও সুশৃঙ্খল ও জবাবদিহিমূলক করা প্রয়োজন।
সভায় আরও উপস্থিত ছিলেন ভোমরা স্থলবন্দর ট্রান্সপোর্ট মালিক সমিতির (রেজি: নং ৮৭/সাত) সভাপতি ও আলিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ রেজাউল ইসলামসহ বন্দরের বিভিন্ন রেজিস্ট্রেশনভুক্ত সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ।
বক্তারা আরও বলেন, ভোমরা স্থলবন্দর দেশের অন্যতম গুরুত্বপূর্ণ স্থলবন্দরগুলোর একটি। এ বন্দর দিয়ে প্রতিদিন বিপুল পরিমাণ আমদানি-রপ্তানি কার্যক্রম পরিচালিত হয়। তাই বন্দর সংশ্লিষ্ট সকল সংগঠনের মধ্যে সমন্বয় আরও জোরদার করা প্রয়োজন।
সভায় অংশগ্রহণকারীরা ব্যবসায়ীদের স্বার্থ রক্ষা, বন্দর ব্যবস্থাপনায় আধুনিকায়ন এবং প্রশাসনিক জটিলতা কমানোর বিষয়ে বিভিন্ন মতামত তুলে ধরেন। পাশাপাশি সিএন্ডএফ কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া হয়।
সভা শেষে সংগঠনের পক্ষ থেকে ভবিষ্যতে নিয়মিত এ ধরনের সভা আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়, যাতে বন্দর সংশ্লিষ্ট সমস্যাগুলো দ্রুত সমাধান করা যায় এবং ব্যবসায়িক পরিবেশ আরও উন্নত হয়।
স্থানীয় ব্যবসায়ীরা মনে করছেন, এ ধরনের সভা বন্দর পরিচালনায় সমন্বয় বৃদ্ধি করবে এবং আমদানি-রপ্তানি কার্যক্রম আরও গতিশীল করবে।