অনলাইন রিপোর্টার
বগুড়া সফরে প্রধানমন্ত্রী তারেক রহমানের দিনব্যাপী কর্মসূচির বিস্তারিত সময়সূচি প্রকাশ করা হয়েছে। বিভিন্ন উন্নয়ন, প্রশাসনিক ও রাজনৈতিক কর্মসূচিতে অংশ নিয়ে তিনি দিনটি শেষ করবেন ঢাকায় ফেরার মধ্য দিয়ে।
সোমবার বেলা ১১টায় তিনি বগুড়া জেলা আইনজীবী সমিতির নবনির্মিত ভবনের ফলক উন্মোচন করবেন এবং একই সঙ্গে ই-বেইল বন্ড কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। আধুনিক বিচারসেবা ব্যবস্থাকে আরও সহজ ও দ্রুত করার লক্ষ্যেই এই ডিজিটাল সেবার যাত্রা শুরু হচ্ছে।
বেলা ১১টা ৩০ মিনিটে তিনি পৌর ভবনে বগুড়া সিটি করপোরেশনের ফলক উন্মোচন করবেন। এর মধ্য দিয়ে উত্তরাঞ্চলের এই গুরুত্বপূর্ণ জেলা আনুষ্ঠানিকভাবে সিটি করপোরেশনের মর্যাদা পাবে।
দুপুর ১২টা ৪৫ মিনিটে গাবতলী উপজেলার বাগবাড়িতে জিয়াউর রহমান গ্রাম হাসপাতালে জরুরি হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন করবেন তিনি। এর মাধ্যমে শিশু স্বাস্থ্য সুরক্ষায় নতুন উদ্যোগ শুরু হবে।
এরপর দুপুর ১টা ৩০ মিনিটে শহীদ জিয়া ডিগ্রি কলেজ মাঠে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমে অংশ নেবেন প্রধানমন্ত্রী। সামাজিক সুরক্ষা কর্মসূচির অংশ হিসেবে এই কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে।
দুপুর ১টা ৪৫ মিনিটে বাগবাড়ির নশিপুরে চৌকিরদহ খাল খনন কার্যক্রমের উদ্বোধন করবেন তিনি। স্থানীয় পরিবেশ ও পানি ব্যবস্থাপনা উন্নয়নে এই প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
দুপুর ২টা ৩০ মিনিটে তিনি বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের পৈতৃক বাড়ি বাগবাড়িতে গমন করবেন।
বিকাল ৪টায় শহরের আলতাফুন্নেছা খেলার মাঠে বগুড়া জেলা বিএনপি আয়োজিত জনসভায় যোগ দেবেন এবং বক্তব্য রাখবেন।
বিকাল ৫টা ৪৫ মিনিটে বগুড়া প্রেস ক্লাবের নতুন ভবন উদ্বোধন করবেন তিনি। একই দিন বিকাল ৫টা ৫০ মিনিটে বগুড়া বাইতুর রহমান কেন্দ্রীয় মসজিদের পুনঃনির্মাণ কাজের উদ্বোধন করবেন।
সবশেষে সন্ধ্যা ৬টায় সড়কপথে ঢাকার উদ্দেশে যাত্রা করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
আকাশজমিন / আরআর