ঢাকা, বাংলাদেশ ।
  বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬,  ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিতর্কের মুখে ইউপি ভোটের সময়সূচি, তারিখ পরিবর্তনের সিদ্ধান্ত ইসির চলচ্চিত্রকে পুরোনো ঐতিহ্যে ফিরিয়ে নিতে কাজ করবে সরকার: তথ্যমন্ত্রী রামগঞ্জে বিএনপি নেতার গোয়ালঘরে মিললো চুরি হওয়া গরু পুতিন-মোদির ভাইরাল ব্রিকস সেলফি এআই দিয়ে বানানো: এএফপি জাফর ইকবাল ও সাবেক ভিসি মাকসুদ কামালের বিরুদ্ধে চার্জশিট একাদশে ভর্তির প্রথম ফল প্রকাশ: ১৯ সেপ্টেম্বর মাইগ্রেশন প্রশাসনিক কারণে ডিএমপির গুলশান বিভাগের ডিসিকে প্রত্যাহার বছরে ৫ হাজার তরুণকে ২০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়া হবে : মাহদী আমিন জাবিতে র‍্যাগিং: ২০ শিক্ষার্থীকে ৬ লাখ ১৫ হাজার টাকা জরিমানা ইরানের ওপর নিষেধাজ্ঞা নিয়ে চীনের সঙ্গে বৈঠক করবে যুক্তরাষ্ট্র

দেশজুড়ে কঠোর নিরাপত্তায় এসএসসি পরীক্ষা শুরু


  • আপলোড সময় : মঙ্গলবার ২১ এপ্রিল, ২০২৬ সময় : ১০:০৮ এএম

দেশজুড়ে মঙ্গলবার (২১ এপ্রিল) সকাল ১০টা থেকে শুরু হয়েছে ২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষা। দেশের ১১টি শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত এই পরীক্ষায় অংশ নিচ্ছে মোট ১৮ লাখ ৫৭ হাজার ৩৪৪ জন শিক্ষার্থী। এর মধ্যে ছাত্র ৯ লাখ ৩০ হাজার ৩০৫ জন এবং ছাত্রী ৯ লাখ ২৭ হাজার ৩৯ জন।

শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, এবার ৩০ হাজার ৬৬৬টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ৩ হাজার ৮৮৫টি কেন্দ্রে পরীক্ষায় অংশ নিচ্ছে। গত বছরের তুলনায় এবার পরীক্ষার্থীর সংখ্যা কমেছে প্রায় ৭১ হাজার ৬২৬ জন। বোর্ডভিত্তিক হিসাবে সবচেয়ে বেশি পরীক্ষার্থী রয়েছে ঢাকা শিক্ষা বোর্ডে এবং সবচেয়ে কম পরীক্ষার্থী সিলেট শিক্ষা বোর্ডে।

সাধারণ শিক্ষা বোর্ডের বিভাগভিত্তিক বিশ্লেষণে দেখা যায়, মানবিক বিভাগে সবচেয়ে বেশি ৬ লাখ ২৭ হাজার ৪৫১ জন শিক্ষার্থী পরীক্ষা দিচ্ছে। বিজ্ঞান বিভাগে রয়েছে ৫ লাখ ৬৯ হাজার ৭৬৩ জন এবং ব্যবসায় শিক্ষা বিভাগে ২ লাখ ২১ হাজার ১৮৪ জন শিক্ষার্থী অংশ নিচ্ছে। পরিসংখ্যানে দেখা গেছে, অধিকাংশ বিভাগেই ছাত্রদের তুলনায় ছাত্রীর অংশগ্রহণ বেশি।

মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে দাখিল পরীক্ষায় অংশ নিচ্ছে ৩ লাখ ৪ হাজার ২৮৬ জন শিক্ষার্থী। পাশাপাশি কারিগরি শিক্ষা বোর্ডের পরীক্ষায় অংশগ্রহণ করছে ১ লাখ ৩৪ হাজার ৬৬০ জন পরীক্ষার্থী।

পরীক্ষাকে নকলমুক্ত ও সুশৃঙ্খল পরিবেশে সম্পন্ন করতে শিক্ষা প্রশাসন এবার কঠোর অবস্থান নিয়েছে। ঘোষণা করা হয়েছে ‘জিরো টলারেন্স’ নীতি। সব পরীক্ষাকেন্দ্র সিসিটিভি ক্যামেরার আওতায় আনা হয়েছে এবং প্রশ্নফাঁস রোধে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। কেন্দ্রের নিরাপত্তা নিশ্চিত করতে পরীক্ষাকেন্দ্রের ২০০ গজের মধ্যে ১৪৪ ধারা জারি করে বহিরাগতদের প্রবেশ সীমিত করা হয়েছে। এছাড়া কেন্দ্রের ভেতরে মোবাইল ফোনসহ সব ধরনের ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হয়েছে।

পরীক্ষা ঘিরে শিক্ষা প্রশাসনের পাশাপাশি সরকারের উচ্চপর্যায় থেকেও কঠোর নজরদারির কথা জানানো হয়েছে। আলোচনা রয়েছে যে, শিক্ষামন্ত্রী বিভিন্ন কেন্দ্র পরিদর্শনে আকস্মিকভাবে উপস্থিত হতে পারেন, যা ‘সারপ্রাইজ ভিজিট’ হিসেবে পরিচিত।

শিক্ষা প্রশাসনের পক্ষ থেকে পরীক্ষার্থীদের জন্য একটি সহায়ক, নিরাপদ ও ভীতিমুক্ত পরিবেশ নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে, যাতে শিক্ষার্থীরা নির্বিঘ্নে পরীক্ষা দিতে পারে।

সূচি অনুযায়ী, বাংলা প্রথম পত্রের মাধ্যমে আজকের পরীক্ষা শুরু হয়েছে। লিখিত পরীক্ষা চলবে আগামী ২০ মে পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে। এরপর ৭ জুন থেকে ১৪ জুন পর্যন্ত ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে।


এ সম্পর্কিত আরো খবর