ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম

উপজেলা পরিষদে এমপিদের জন্য ‘পরিদর্শন কক্ষ’ প্রস্তুতের নির্দেশ


  • আপলোড সময় : মঙ্গলবার ২১ এপ্রিল, ২০২৬ সময় : ৮:৫৮ পিএম

উপজেলা পরিষদগুলোতে জাতীয় সংসদ সদস্যদের জন্য বিশেষ ‘পরিদর্শন কক্ষ’ প্রস্তুত করার নির্দেশনা দিয়ে সরকারি আদেশ (জিও) জারি করা হয়েছে। স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম জানিয়েছেন, এই কক্ষগুলোতে আধুনিক সুযোগ-সুবিধা নিশ্চিত করা হবে, যাতে সংসদ সদস্যরা স্থানীয় পর্যায়ে তাদের দাপ্তরিক কার্যক্রম পরিচালনা করতে পারেন।

মঙ্গলবার (২১ এপ্রিল ২০২৬) জাতীয় সংসদে স্পিকার হাফিজ উদ্দিন আহমেদের কাছ থেকে ফ্লোর নিয়ে প্রতিমন্ত্রী এ তথ্য জানান। তিনি বলেন, স্থানীয় সরকার ও সমবায় মন্ত্রীর পরামর্শক্রমে ইতোমধ্যে সংশ্লিষ্ট বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) বরাবর পাঠানো হয়েছে।

প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, উপজেলা পরিষদের নতুন বা পুরোনো ভবনে যেখানে উপযুক্ত স্থান পাওয়া যাবে, সেখানেই সংসদ সদস্যদের জন্য একটি করে ‘পরিদর্শন কক্ষ’ প্রস্তুত করা হবে। এসব কক্ষে এটাচ বাথরুমসহ প্রয়োজনীয় আসবাবপত্র রাখা হবে, যাতে সংসদ সদস্যরা স্বাচ্ছন্দ্যে বসে কাজ করতে পারেন।

তিনি আরও জানান, প্রচলিত বিধিমালা অনুযায়ী সংসদ সদস্যদের নামে সরাসরি কোনো কক্ষ বরাদ্দ দেওয়ার সুযোগ না থাকায় এ কক্ষের নামকরণ করা হয়েছে ‘পরিদর্শন কক্ষ’। এই কক্ষে বসে সংসদ সদস্যরা স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করবেন এবং সাধারণ মানুষের সঙ্গে সরাসরি দেখা-সাক্ষাৎ করে তাদের সমস্যার কথা শুনতে পারবেন।

প্রতিমন্ত্রী বলেন, কোনো সংসদ সদস্যের নির্বাচনী এলাকায় যদি একাধিক উপজেলা থাকে, তবে প্রতিটি উপজেলাতেই তার জন্য এমন কক্ষের ব্যবস্থা করা হবে। এতে করে সংসদ সদস্যদের স্থানীয় পর্যায়ে কার্যক্রম পরিচালনা আরও সহজ ও কার্যকর হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

তিনি আরও উল্লেখ করেন, এই উদ্যোগ বাস্তবায়নে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়ার জন্য তিনি প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। পাশাপাশি দেশের সব সংসদ সদস্যদের পক্ষ থেকে তিনি এই সিদ্ধান্তকে স্বাগত জানান।

মীর শাহে আলম বলেন, আজ থেকেই জিও কার্যকর হওয়ায় সংসদ সদস্যদের নিজ নিজ নির্বাচনী এলাকার উপজেলা নির্বাহী কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করে দ্রুত সময়ের মধ্যে কক্ষ প্রস্তুত করার উদ্যোগ নিতে হবে।

এ উদ্যোগ বাস্তবায়নের মাধ্যমে স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিদের মধ্যে সমন্বয় আরও জোরদার হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। একই সঙ্গে সাধারণ মানুষ তাদের নির্বাচিত প্রতিনিধিদের কাছে সহজে পৌঁছাতে পারবে এবং স্থানীয় সমস্যাগুলো দ্রুত সমাধানের সুযোগ তৈরি হবে।


এ সম্পর্কিত আরো খবর