অনলাইন
রিপোর্টার
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বিকেল আনুমানিক ৩টা ৫০ মিনিটের দিকে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় ভূঁইয়া পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজক আইল্যান্ডে আঘাত করে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বাসটি দ্রুতগতিতে বনানী সেতু ভবন এলাকার দিকে আসছিল। হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে সেটি সড়কের মাঝের আইল্যান্ডে উঠে যায় এবং প্রচণ্ড ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই দুইজন পুরুষ নিহত হন।
নিহতদের নাম-পরিচয় এখনো শনাক্ত করা সম্ভব হয়নি বলে জানিয়েছে পুলিশ। দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে ভিড় করেন এবং উদ্ধার কাজে সহায়তা করেন।
বিষয়টি নিশ্চিত করেছেন বনানী থানার পরিদর্শক (অপারেশন) এ কে এম মইনুদ্দিন। তিনি বলেন, ভূঁইয়া পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের আইল্যান্ডের সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই দুইজন নিহত হন। নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
তিনি আরও জানান, দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অতিরিক্ত গতি বা যান্ত্রিক ত্রুটির কারণে এ দুর্ঘটনা ঘটতে পারে। তবে তদন্তের পর বিস্তারিত জানা যাবে।
দুর্ঘটনার পর ঘটনাস্থলে যান চলাচল কিছু সময়ের জন্য বিঘ্নিত হয়। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং সড়কে যান চলাচল স্বাভাবিক করেন।
স্থানীয়রা জানান, বনানী সেতু ভবন এলাকায় প্রায়ই যানবাহনের বেপরোয়া গতি ও অব্যবস্থাপনার কারণে দুর্ঘটনা ঘটে থাকে। তারা এ ধরনের দুর্ঘটনা রোধে কার্যকর ট্রাফিক নিয়ন্ত্রণ ও নজরদারি বাড়ানোর দাবি জানান।
পুলিশ জানিয়েছে, বাসটি জব্দ করা হয়েছে এবং চালককে শনাক্তের চেষ্টা চলছে। দুর্ঘটনা তদন্তে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।