নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের পূর্বদড়িকান্দি এলাকায় লন্ডন প্রবাসী হাফিজুর রহমান হিরনের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। শনিবার (২৫ এপ্রিল) ভোরে সংঘটিত এ ঘটনায় নগদ অর্থ, স্বর্ণালংকার ও বিদেশি মুদ্রাসহ প্রায় ৩৮ লক্ষাধিক টাকার মালামাল লুট হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, ভোরের দিকে ১২ থেকে ১৫ সদস্যের একদল ডাকাত অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে বাড়ির গেটের গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে। এরপর তারা ঘরের দরজা ভেঙে ভেতরে ঢুকে পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে ফেলে।
ডাকাতরা লন্ডন প্রবাসী হাফিজুর রহমান হিরনকে হাত-পা বেঁধে রাখে এবং ঘরের ভেতর তল্লাশি চালিয়ে নগদ ২৭ লাখ টাকা, স্বর্ণালংকার ও বিদেশি মুদ্রাসহ মোট প্রায় ৩৮ লক্ষাধিক টাকার মালামাল লুট করে নেয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
ভুক্তভোগী হাফিজুর রহমান হিরন জানান, তিনি দীর্ঘদিন ধরে লন্ডনে বসবাস করেন এবং সম্প্রতি ২৪ এপ্রিল শুক্রবার তিনি দেশে ফেরেন। দেশে ফিরে পরিবারের সঙ্গে রাত যাপন করার পর ভোররাতে এ ঘটনা ঘটে।
তিনি আরও বলেন, ডাকাত দল ঘরে প্রবেশ করে প্রথমে তাকে ও পরিবারের সদস্যদের জিম্মি করে ফেলে। এরপর তারা অস্ত্রের ভয় দেখিয়ে ঘরের মূল্যবান জিনিসপত্র লুট করে নেয়। একপর্যায়ে পরিবারের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে ডাকাতরা তাদের প্রাণনাশের হুমকি দিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে পালিয়ে যায়।
ঘটনার পর এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয়রা জানান, এলাকায় নিরাপত্তা ব্যবস্থা দুর্বল থাকায় এমন ঘটনা ঘটেছে বলে তারা মনে করছেন। তারা দ্রুত ডাকাতদের গ্রেফতার ও নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছেন।
এ ঘটনায় ভুক্তভোগী হাফিজুর রহমান হিরন রূপগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ পাওয়ার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং তদন্ত শুরু করেছে।
রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) এএইচএম সালাউদ্দিন বলেন, লন্ডন প্রবাসীর বাড়িতে ডাকাতির ঘটনায় লিখিত অভিযোগ পাওয়া গেছে। ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেফতারের পাশাপাশি লুট হওয়া মালামাল উদ্ধারে পুলিশ কাজ করছে।
এদিকে, এ ধরনের সশস্ত্র ডাকাতির ঘটনায় স্থানীয়দের মধ্যে চরম উদ্বেগ বিরাজ করছে। তারা বলছেন, প্রবাসী পরিবারের বাড়িতে এমন হামলা এলাকায় নিরাপত্তা পরিস্থিতি নিয়ে প্রশ্ন তুলেছে।