সিরাজগঞ্জ প্রতিনিধি / : 77
সিরাজগঞ্জ প্রতিনিধি:
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার খৈচালা বিল থেকে নাঈম হোসেন নামে এক অটোরিকশা চালকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন রায়গঞ্জ থানার (ওসি) মো. আহসানুজ্জামান।
বুধবার (২৯ এপ্রিল) সকালে উপজেলার সোনাখাড়া ইউনিয়নের খৈচালা বিল এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত নাঈম হোসেন সলঙ্গা থানার মালতিনগর গ্রামের মৃত নজরুল ইসলামের ছেলে।
স্থানীয়দের বরাত দিয়ে জানা যায়, প্রতিদিনের মতো মঙ্গলবার সকালে অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হন নাঈম। তবে রাতে বাড়ি ফিরে না আসায় পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। পরদিন সকালে তাঁর মরদেহ উদ্ধারের খবর পাওয়া যায়। জীবিকার তাগিদে তিনি রাজমিস্ত্রীর কাজের পাশাপাশি অটোরিকশা চালাতেন।
রায়গঞ্জ থানার (ওসি) মো. আহসানুজ্জামান জানান, সকালে স্থানীয় লোকজন বিলে একটি গলাকাটা মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অটোরিকশা ছিনতাইয়ের উদ্দেশ্যে পরিকল্পিতভাবে তাঁকে হত্যা করা হয়েছে।
মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।
আকাশজমিন / আরআর