ফরিদপুর প্রতিনিধি
“ছাত্র-জনতার অঙ্গীকার, নিরাপদ সড়ক হোক সবার” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ফরিদপুর জেলা ট্রাফিক বিভাগের আয়োজনে সড়ক নিরাপত্তা, ট্রাফিক সাইন, সিগন্যাল, রোড মার্কিং, ট্রাফিক আইন ও নৈতিকতা বিষয়ক এক সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বেলা ১১টায় ফরিদপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের সম্মেলন কক্ষে শিক্ষার্থীদের অংশগ্রহণে এই সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়।
টিআই অ্যান্ড অ্যাডমিন ট্রাফিক খুরশিদ আলমের সভাপতিত্বে এবং ইন্সপেক্টর মোঃ মশিউর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) ফাতেমা ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মোঃ শামছুল আজম, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোঃ রায়হান গফুরসহ সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ ও শিক্ষার্থীরা।
সভায় বক্তারা সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে ট্রাফিক আইন মেনে চলার গুরুত্ব তুলে ধরেন। তারা বলেন, ট্রাফিক আইন শুধু শাস্তির ভয়ে নয়, বরং নিজের ও পরিবারের নিরাপত্তার স্বার্থে মানা জরুরি। সড়ক দুর্ঘটনা রোধে জনসচেতনতা বৃদ্ধি ছাড়া কোনো বিকল্প নেই।
বক্তারা আরও বলেন, রাস্তা পারাপারে সর্বদা জেব্রা ক্রসিং ও ফুটওভার ব্রিজ ব্যবহার করতে হবে। ট্রাফিক সিগন্যালের প্রতিটি নির্দেশ—লাল, হলুদ ও সবুজ সংকেত—কঠোরভাবে অনুসরণ করতে হবে।
এছাড়া বৈধ ড্রাইভিং লাইসেন্স ও প্রয়োজনীয় কাগজপত্র সঙ্গে রাখা, মোটরসাইকেল চালানোর সময় হেলমেট ব্যবহার, বেপরোয়া গতি পরিহার, উল্টো পথে না চলা এবং মোবাইল ফোন ব্যবহার না করার ওপর গুরুত্বারোপ করা হয়।
বক্তারা আরও বলেন, ওভারটেকিং, অপ্রয়োজনে হর্ন ব্যবহার এবং ট্রাফিক সাইন অমান্য করা সড়ক দুর্ঘটনার অন্যতম কারণ। তাই বাধ্যতামূলক চিহ্ন, সতর্কতামূলক চিহ্ন, তথ্যচিহ্ন এবং রোড মার্কিং যেমন জেব্রা ক্রসিং, ভাঙা ও অখণ্ড রেখা সম্পর্কে সচেতন থাকা জরুরি।
অনুষ্ঠানে নৈতিকতা ও সামাজিক দায়িত্ববোধের ওপরও বিশেষ গুরুত্ব দেওয়া হয়। বক্তারা বলেন, একজন সচেতন নাগরিকই পারে একটি নিরাপদ সড়ক ব্যবস্থা গড়ে তুলতে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মোঃ মামুন অর রশিদ (কোঅর্ডিনেটর, পিডিও, ফরিদপুর টিটিসি), নাজিম উদ্দিন আহমেদ আল সিরাজী (ইন্সট্রাক্টর), আব্দুর রশিদ খান (ট্রেড ইনচার্জ, অটোমোটিভ ট্রেড), ফরিদপুর জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং প্রশিক্ষণার্থীরা।