রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় রপ্তানিমুখী নোবেল কটন স্পিনিং মিলস লিমিটেড কারখানার শ্রমিকরা তিন মাসের বকেয়া বেতনের দাবিতে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করেছেন। বুধবার (৬ মে) দুপুর ১২টার দিকে তারাবো পৌরসভার যাত্রামুড়া স্লোইজ গেইট এলাকায় এ কর্মসূচি পালন করা হয়।
শ্রমিকরা জানান, নোবেল কটন স্পিনিং মিলস লিমিটেড কারখানায় তুলা থেকে সুতা উৎপাদন করা হয়, যা বিদেশে রপ্তানি করা হয়। কারখানাটিতে প্রায় ৭ শতাধিক শ্রমিক কর্মরত রয়েছেন। দীর্ঘদিন ধরে বকেয়া বেতন না পাওয়ায় শ্রমিকদের মধ্যে অসন্তোষ বিরাজ করছিল।
শ্রমিকদের অভিযোগ, তিন মাসের বকেয়া বেতন পরিশোধের দাবিতে মালিকপক্ষের সঙ্গে একাধিকবার বৈঠক করা হয়। সর্বশেষ বৈঠকে গত বুধবার বেতন পরিশোধের আশ্বাস দেওয়া হলেও নির্ধারিত দিনে তা বাস্তবায়ন করা হয়নি। এতে শ্রমিকদের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়।
বেতন পরিশোধ না হওয়ায় শ্রমিকরা প্রথমে কারখানার ভেতরে বিক্ষোভ শুরু করেন। পরে তারা কাজে যোগদান বন্ধ রেখে কারখানার পার্শ্ববর্তী ঢাকা-সিলেট মহাসড়কের যাত্রামুড়া এলাকায় অবস্থান নিয়ে সড়ক অবরোধ করেন। এতে মহাসড়কের উভয় পাশে প্রায় ছয় কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। চরম ভোগান্তিতে পড়েন যাত্রী ও পথচারীরা।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে খবর পেয়ে রূপগঞ্জ থানার ওসি এএইচএম সালাউদ্দিনের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে। পুলিশ মালিকপক্ষ ও শ্রমিকদের সঙ্গে আলোচনা করে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করে।
পরে মালিকপক্ষ আগামী বৃহস্পতিবার (৭ মে) সকালে বকেয়া বেতন পরিশোধের আশ্বাস দিলে শ্রমিকরা অবরোধ তুলে নেন। এর ফলে দুপুর দেড়টার দিকে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
রূপগঞ্জ থানার ওসি এএইচএম সালাউদ্দিন বলেন, শ্রমিকদের সঙ্গে আলোচনা করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে এবং যান চলাচল স্বাভাবিক রয়েছে।
স্থানীয়রা জানান, মহাসড়ক অবরোধের কারণে দীর্ঘ সময় যানজট সৃষ্টি হওয়ায় যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হয়েছে। তারা দ্রুত শ্রমিকদের দাবি নিষ্পত্তির মাধ্যমে এ ধরনের পরিস্থিতি এড়ানোর আহ্বান জানান।