ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম

কসবা সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি নিহত


  • আপলোড সময় : শনিবার ০৯ মে, ২০২৬ সময় : ১১:৩২ এএম

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে কলেজছাত্রসহ দুই বাংলাদেশি নাগরিক নিহত হয়েছেন। শুক্রবার (৮ মে) রাত সোয়া ১১টার দিকে কসবা উপজেলার ধজনগর সীমান্তের ভারত অংশে এ ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে একজনের নাম মো. মোরছালিন (২২)। তিনি কসবা উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের ধজনগর বাতানবাড়ি এলাকার হেবজু মিয়ার ছেলে। তিনি স্থানীয় শাহআলম ডিগ্রি কলেজের শিক্ষার্থী ছিলেন।

নিহতদের পরিবার দাবি করেছে, স্থানীয় কয়েকজন রাতে মোরছালিনকে বাড়ি থেকে ডেকে সীমান্ত এলাকায় নিয়ে যায়। পরে ভারতীয় অংশে প্রবেশের পর টহলরত বিএসএফ সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি চালায়। এতে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মোরছালিন মারা যান। পরে তার মরদেহ ভারতীয় সীমান্তের অভ্যন্তরে নিয়ে যায় বিএসএফ সদস্যরা।

অন্যদিকে, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) জানিয়েছে, নিহতরা চোরাচালানের সঙ্গে জড়িত ছিলেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।

বিজিবির ৬০ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস. এম. শরিফুল ইসলাম জানান, গতকাল রাতে আনুমানিক ১৫ জন বাংলাদেশি চোরাকারবারি ভারতীয় চোরাকারবারিদের সহায়তায় সীমান্তের ধজনগর এলাকা দিয়ে ভারতের অভ্যন্তরে প্রবেশ করে। পরে চোরাচালানের মালামাল নিয়ে ফেরার সময় বিএসএফের ৪৯ ব্যাটালিয়নের পাথারিয়াদ্বার ক্যাম্পের টহলরত সদস্যরা তাদের বাধা দেন।

তিনি আরও জানান, এ সময় দুই পক্ষের মধ্যে ধস্তাধস্তি ও উত্তেজনার সৃষ্টি হয়। একপর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিএসএফ সদস্যরা গুলি চালায়। এতে বাংলাদেশি মো. মোরছালিন (২২) ও আরও একজন আহত হন। পরে হাসপাতালে নেওয়ার পর দ্বিতীয় ব্যক্তি মারা যান বলে জানা গেছে।

বিজিবি জানায়, নিহতদের মরদেহ বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য বিএসএফের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। এ ঘটনায় প্রতিবাদ জানিয়ে বিএসএফকে আনুষ্ঠানিক প্রটেস্ট নোট পাঠানো হয়েছে এবং পতাকা বৈঠকের উদ্যোগ নেওয়া হয়েছে।

এ ঘটনায় সীমান্ত এলাকায় উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও উদ্বেগ দেখা দিয়েছে। বিজিবি ও প্রশাসন পরিস্থিতি নিয়ন্ত্রণে নজরদারি বাড়িয়েছে।


এ সম্পর্কিত আরো খবর