ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম

পুলিশের যৌক্তিক দাবিগুলো পূরণ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী


  • আপলোড সময় : রবিবার ১০ মে, ২০২৬ সময় : ৪:০৮ পিএম

অনলাইন রিপোর্টার

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, পুলিশ বাহিনীকে একটি জনকল্যাণমুখী ও আধুনিক বাহিনী হিসেবে গড়ে তুলতে সরকারের আর্থিক সক্ষমতা বিবেচনায় তাদের যৌক্তিক দাবিগুলো ধাপে ধাপে পূরণ করা হবে।

রবিবার রাজধানীর রাজারবাগ পুলিশ মিলনায়তনে ‘পুলিশ সপ্তাহ-২০২৬’ উপলক্ষে আয়োজিত ‘প্রধানমন্ত্রীর বিশেষ কল্যাণ সভা’য় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বর্তমানে অনেক পুলিশ কনস্টেবল দীর্ঘ ৪০ বছর চাকরি করার পরও পরবর্তী পদোন্নতি ছাড়াই অবসর গ্রহণ করেন। এ বাস্তবতা বিবেচনায় বিশেষ নীতিমালার আওতায় এবং সন্তোষজনক চাকরির রেকর্ডের ভিত্তিতে অবসরকালীন সময়ে কিছু সংখ্যক পুলিশ সদস্যকে অনারারি পদোন্নতি দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে।

তিনি জানান, কনস্টেবল থেকে অনারারি সহকারী উপপরিদর্শক (এএসআই), সহকারী উপপরিদর্শক (এএসআই) থেকে অনারারি উপপরিদর্শক (এসআই) এবং উপপরিদর্শক (এসআই) থেকে অনারারি পরিদর্শক (ইন্সপেক্টর) পদে পদোন্নতির সুযোগ দেওয়া হতে পারে।

পুলিশ সদস্যদের অতিরিক্ত দায়িত্ব পালনের বিষয়টিও গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে সরকার। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পুলিশিং কার্যক্রম আরও গতিশীল ও কার্যকর করতে অতিরিক্ত কর্মঘণ্টায় দায়িত্ব পালনকারী সদস্যদের জন্য বিশেষ নীতিমালার আওতায় ওভারটাইম ভাতা চালুর চিন্তা করা হচ্ছে।

তিনি বলেন, পুলিশের ইন্সপেক্টর থেকে শুরু করে কনস্টেবল পদ পর্যন্ত সদস্যদের জন্য এ সুবিধা বিবেচনায় আনা হতে পারে। এতে পুলিশ সদস্যদের মনোবল বৃদ্ধি পাবে এবং সেবার মানও উন্নত হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

সালাহউদ্দিন আহমদ আরও বলেন, দীর্ঘ কর্মঘণ্টা ও অতিরিক্ত চাপের কারণে পুলিশ সদস্যদের শারীরিক ও মানসিক স্বাস্থ্য সুরক্ষার বিষয়টি গুরুত্ব পাচ্ছে। এজন্য কেন্দ্রীয় ও বিভাগীয় পুলিশ হাসপাতালগুলোকে আরও আধুনিক ও যুগোপযোগী করে গড়ে তোলা হবে। পাশাপাশি প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার পর আরও উন্নত হাসপাতাল নির্মাণের পরিকল্পনাও রয়েছে বলে জানান তিনি।

পুলিশের বিভিন্ন ইউনিটের ভবন, কার্যালয় ও আবাসন সমস্যার সমাধানে সরকার আন্তরিক উল্লেখ করে মন্ত্রী বলেন, ভূমি অধিগ্রহণসহ প্রয়োজনীয় অর্থ বরাদ্দ দেওয়া সরকারের অগ্রাধিকার তালিকায় রয়েছে।

তিনি বলেন, গত দুই মাসে দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে। পরিস্থিতি আরও উন্নত করতে চিহ্নিত সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক কারবারিদের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে।

অপরাধের ধরন পরিবর্তনের প্রসঙ্গ তুলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তথ্যপ্রযুক্তির বিকাশের সঙ্গে সঙ্গে অপরাধের ধরন ও মাত্রাও বদলেছে। আধুনিক অপরাধ মোকাবিলায় পুলিশ সদস্যদের প্রযুক্তিনির্ভর প্রশিক্ষণ ও দক্ষতা বাড়াতে হবে। তা না হলে অপরাধ দমনে কাঙ্ক্ষিত সাফল্য অর্জন সম্ভব হবে না।

তিনি আরও বলেন, জুয়া, অনলাইন জুয়া, সাইবার ক্রাইম ও মানি লন্ডারিং প্রতিরোধে যুগোপযোগী আইন প্রণয়নের লক্ষ্যে ইতোমধ্যে একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটির সুপারিশ অনুযায়ী নতুন আইন প্রণয়ন করা হবে।

মব কালচার বন্ধে বিদ্যমান আইন সংশোধন ও সংযোজন করে আরও কার্যকর আইন প্রণয়নের কথাও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। একই সঙ্গে তিনি পুলিশ বাহিনীকে জনগণের প্রত্যাশা অনুযায়ী দায়িত্ব পালনের নির্দেশ দেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী। স্বাগত বক্তব্য দেন আইজিপি আলী হোসেন ফকির এবং ধন্যবাদ জ্ঞাপন করেন অতিরিক্ত আইজিপি (ক্রাইম অ্যান্ড অপারেশনস্) খন্দকার রফিকুল ইসলাম বিপিএম।

ঢাকা টুডে / আরজে 


এ সম্পর্কিত আরো খবর