স্থানীয় সরকার বিভাগের চলমান উন্নয়ন প্রকল্পসমূহ দ্রুত, সাশ্রয়ী ও জনবান্ধবভাবে বাস্তবায়নের নির্দেশ দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, জনগণের অর্থের সঠিক ব্যবহার নিশ্চিত করা এবং কোনো ধরনের অপচয় না হওয়া সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার হওয়া উচিত।
বৃহস্পতিবার সচিবালয়ে স্থানীয় সরকার বিভাগের সভাকক্ষে স্থানীয় সরকার বিভাগ ও সিটি কর্পোরেশনের উদ্যোগে বাস্তবায়নাধীন বিভিন্ন উন্নয়ন প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ নির্দেশনা দেন। সভায় মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন সিটি কর্পোরেশনের প্রতিনিধি এবং উন্নয়ন প্রকল্পের প্রকল্প পরিচালকরা উপস্থিত ছিলেন।
সভায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, জনগণের কল্যাণই সরকারের উন্নয়ন কর্মকাণ্ডের মূল লক্ষ্য। জনগণের অর্থের এক টাকাও যেন অপচয় না হয়, সেদিকে সংশ্লিষ্ট সবাইকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। তিনি বলেন, প্রতিটি উন্নয়ন প্রকল্প জনগণের স্বার্থে গ্রহণ করা হয় এবং তা বাস্তবায়িত হয় জনগণের অর্থেই। তাই প্রকল্প বাস্তবায়নে স্বচ্ছতা, জবাবদিহিতা ও সময়ানুবর্তিতা নিশ্চিত করা অপরিহার্য।
তিনি আরও বলেন, উন্নয়ন কার্যক্রমের মাধ্যমে সরকারের ভাবমূর্তি যেমন উজ্জ্বল হয়, তেমনি কোনো ধরনের অনিয়ম বা গাফিলতি পুরো মন্ত্রণালয়ের সুনাম ক্ষুণ্ন করতে পারে। এজন্য সংশ্লিষ্ট কর্মকর্তা ও প্রকল্প পরিচালকদের আরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
মন্ত্রী উন্নয়ন প্রকল্পসমূহ নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করার ওপর গুরুত্বারোপ করেন এবং জনসেবার মান বাড়াতে আধুনিক ও টেকসই পরিকল্পনা গ্রহণের আহ্বান জানান। তিনি বলেন, প্রকল্পগুলোকে শুধু বাস্তবায়ন নয়, বরং দীর্ঘমেয়াদে কার্যকর ও জনগণবান্ধব করে গড়ে তুলতে হবে।
সভায় চলমান প্রকল্পগুলোর বাস্তবায়ন অগ্রগতি, ব্যয় ব্যবস্থাপনা এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। উপস্থিত কর্মকর্তারা বিভিন্ন প্রকল্পের বর্তমান অবস্থা ও চ্যালেঞ্জ তুলে ধরেন এবং উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল করার বিষয়ে মতামত প্রদান করেন।
স্থানীয় সরকার বিভাগের সচিব মো. শহীদুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় প্রশাসনিক দক্ষতা বৃদ্ধি, ব্যয় নিয়ন্ত্রণ এবং প্রকল্প বাস্তবায়নে স্বচ্ছতা নিশ্চিত করার বিষয়গুলো বিশেষভাবে আলোচিত হয়।
সভা শেষে মন্ত্রী সংশ্লিষ্টদের উদ্দেশে বলেন, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে জনগণের আস্থা বজায় রাখতে হবে এবং প্রতিটি টাকার যথাযথ ব্যবহার নিশ্চিত করতে হবে। তিনি আশা প্রকাশ করেন, সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে দেশের স্থানীয় সরকার খাত আরও শক্তিশালী ও কার্যকর হয়ে উঠবে।