ঢাকা, বাংলাদেশ ।
  মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬,  ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৯০ দিন বাড়ল ডাকসুর সময়সীমা, তফসিল ঘোষণাতেই বাতিল হবে কমিটি হামের উপসর্গ নিয়ে আরও ৬ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১৩১৬ ডেঙ্গুতে একদিনে আরও ৮ জনের মৃত্যু, আক্রান্ত ১৫৯৩ ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনার মধ্যেই চীন সফরে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরাগচি কিম জং উনের ছেলে সন্তান ঘিরে রহস্য, উত্তরসূরি নিয়ে আন্তর্জাতিক মহলে তর্ক বাংলাদেশের স্বাস্থ্যখাতে চীনের ব্যাপক বিনিয়োগের আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর ডিএসসিসি কার্যালয়ে প্রশাসকের ঝটিকা পরিদর্শন জ্বালানি হামলা বন্ধের প্রস্তাবে ডোনাল্ড ট্রাম্পকে কী বলল মস্কো? পবিত্র মক্কা, জেদ্দা ও তাইফে জরুরি সতর্কতা জারি করল সৌদি আরব ৭ জনের ফাঁসির রায়ে ককটেল বিস্ফোরণ বড় বিষয় নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

র‍্যাব আগের মতো থাকছে না, নামও সম্ভবত পাল্টাচ্ছে: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা


  • আপলোড সময় : মঙ্গলবার ১৯ মে, ২০২৬ সময় : ৪:০৫ পিএম

প্রধানমন্ত্রী তারেক রহমানের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়বিষয়ক উপদেষ্টা জাহেদ উর রহমান বলেছেন, এক অর্থে সেইভাবে র‍্যাব আগের মতো থাকছে না, এমনকি এর নামও সম্ভবত পালটে যাচ্ছে। মঙ্গলবার সচিবালয়ে তথ্য মন্ত্রণালয় আয়োজিত নিয়মিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে উপদেষ্টা জাহেদ উর রহমান এ কথা বলেন। উল্লেখ্য, গুম, বিচারবহির্ভূত হত্যাকাণ্ডসহ বিভিন্ন ধরনের গুরুতর মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় জড়িত থাকার অভিযোগে জাতিসংঘসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা, রাজনৈতিক দল ও মানবাধিকার সংগঠনের পক্ষ থেকে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বা র‍্যাব বিলুপ্তির জোর সুপারিশ ও দাবি এসেছে। বিশেষ করে দেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল বিএনপি অন্তর্বর্তী সরকারের সময় ২০২৪ সালের ১০ ডিসেম্বর এক সংবাদ সম্মেলন আয়োজনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে র‍্যাবের বিলুপ্তি দাবি করেছিল।

এদিকে, গত সোমবার স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ র‍্যাবের ২২তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান শেষে উপস্থিত সাংবাদিকদের বলেন, সম্পূর্ণভাবে মানবাধিকারকে সমুন্নত রেখে এবং সাধারণ জনগণের প্রত্যাশা পূরণ করে আগামী দিনে একটি আধুনিক ও পেশাদার এলিট ফোর্স গঠনের লক্ষ্যে বর্তমান সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সংবাদ সম্মেলনে র‍্যাব নিয়ে সাংবাদিকদের করা একটি সুনির্দিষ্ট প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ উর রহমান বলেন, গতকাল র‍্যাবের প্রতিষ্ঠাবার্ষিকী ছিল এবং ঘটনাচক্রে তিনিও সেখানে উপস্থিত ছিলেন। র‍্যাব বিলুপ্তি নিয়ে অতীতে যে ধরনের দাবি করা হয়েছিল, সেই প্রেক্ষাপট টেনে তিনি বলেন যে, এখনো র‍্যাব এক অর্থে আগের মতো করে থাকছে না। গতকালই স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিয়েছেন যে, র‍্যাবের জন্য সম্পূর্ণ নতুন একটি আইন তৈরি করা হবে।

উপদেষ্টা জাহেদ উর রহমান আরও বলেন, র‍্যাব বিলুপ্তির যে দাবি বিএনপি করেছিল, এক অর্থে, আবারও বলছি, এক অর্থে সেইভাবে র্যাব থাকছে না, নামও সম্ভবত পালটে যাচ্ছে। তিনি সম্ভবত শব্দটি ব্যবহার করার কারণ হিসেবে বলেন, এ ধরনের কিছু অপশন গতকাল স্বরাষ্ট্রমন্ত্রী নিজে জানিয়েছেন। স্বরাষ্ট্রমন্ত্রী এটাও জানিয়েছেন যে, এই নতুন আইনটি করার জন্য তিনি নিজে অত্যন্ত সক্রিয়ভাবে কাজ করছেন। তবে রাষ্ট্রে একটি এলিট ফোর্স থাকা দরকার আছে বলে মনে করেন জাহেদ উর রহমান। রাষ্ট্রের বিভিন্ন নিরাপত্তা ও আইনশৃঙ্খলাজনিত প্রেক্ষাপট তুলে ধরে তিনি বলেন, একটি এলিট ফোর্স অবশ্যই থাকবে, তবে সেটা র‍্যাব নামে বা সম্পূর্ণ ভিন্ন কোনো নামে হোক এবং তার জন্য বিস্তারিত সংজ্ঞায়িত একটি সুস্পষ্ট আইন থাকবে। উক্ত সংবাদ সম্মেলনে সরকারের বিগত তিন মাসের গুরুত্বপূর্ণ কর্মকাণ্ড ও সাফল্য তুলে ধরেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। এ সময় সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমদ এবং তথ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. ইয়াসীন।


এ সম্পর্কিত আরো খবর