সিরাজগঞ্জ প্রতিনিধি / : 67
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় বিটুমিনবাহী ট্রাকের চাপায় রাবেয়া খাতুন (৫০) নামে এক নারী নিহত হয়েছেন। বৃহস্পতিবার ভোর ৬টার দিকে ঢাকা-বগুড়া মহাসড়কের দাদপুর সাহেবগঞ্জ আন্ডার ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রাবেয়া খাতুন রায়গঞ্জ উপজেলার দাদপুর সাহেবগঞ্জ (মহ্যৎপাড়া) গ্রামের কোবাদ আলীর স্ত্রী। হাটিকুমরুল হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) ইসমাইল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, উত্তপ্ত তরল বিটুমিন বহনকারী একটি ট্রাংকলড়ি ঢাকা থেকে বগুড়ার দিকে যাচ্ছিল। মহাসড়কের দাদপুর সাহেবগঞ্জ আন্ডার ব্রিজ এলাকায় পৌঁছানোর পর ট্রাকটি মূল সড়ক ব্যবহার না করে বাম পাশের বিকল্প রাস্তা দিয়ে যাওয়ার চেষ্টা করে।
এ সময় চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে ভারী যানবাহনটি সড়কের পাশে উল্টে যায়। ঠিক তখন রাস্তার পাশ দিয়ে হেঁটে যাওয়া রাবেয়া খাতুন ট্রাকের নিচে চাপা পড়েন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
দুর্ঘটনার খবর পেয়ে হাটিকুমরুল হাইওয়ে থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালান। পরে নিহতের মরদেহ উদ্ধার করা হয়।
হাটিকুমরুল হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) ইসমাইল হোসেন বলেন, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেছে। ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে। নিহতের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলা হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।” এ দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা মহাসড়কে ভারী যানবাহন চলাচলে আরও সতর্কতা ও নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।
আকাশজমিন / আরআর